অবাধে চলছে ছোট মাছ নিধন

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরের কাউখালীতে নদী ও খাল-বিলে নিষিদ্ধ চরগড়া জাল দিয়ে অবাধে চলছে ছোট মাছ নিধন। স্থানীয় এক শ্রেণির অসাধু মৎস্যজীবী আইনের

2026-04-08T03:46:55+00:00
2026-04-08T03:46:55+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
অবাধে চলছে ছোট মাছ নিধন
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৩:৪৬ এএম 
প্রতীকী ছবি
পিরোজপুরের কাউখালীতে নদী ও খাল-বিলে নিষিদ্ধ চরগড়া জাল দিয়ে অবাধে চলছে ছোট মাছ নিধন। স্থানীয় এক শ্রেণির অসাধু মৎস্যজীবী আইনের তোয়াক্কা না করে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, যা হুমকির মুখে ফেলছে এই অঞ্চলের মৎস্য সম্পদকে।

উপজেলার সন্ধ্যা, কচা, গাবখান ও চিরাপাড়া নদীসহ বিভিন্ন অভ্যন্তরীণ খালে নিষিদ্ধ চরগড়া জালের ব্যবহার আশঙ্কাজনক হারে বেড়েছে। প্রশাসনের নজরদারি এড়িয়ে কিছু অসাধু মৎস্যজীবী প্রতিদিন এই জালের মাধ্যমে নির্বিচারে রেণু ও পোনা মাছ নিধন করছে।

সরেজমিন দেখা গেছে, উপজেলার বিভিন্ন পয়েন্টে নদীর পাড়ঘেঁষে এবং খালের মুখে খুঁটি পুঁতে সূক্ষ্ম ছিদ্রের এই বিশেষ জাল (চরগড়া) পেতে রাখা হয়। জোয়ারের সময় মাছগুলো জালে আটকা না পড়লেও, ভাটার টানে পানি নেমে যাওয়ার সময় জালে আটকা পড়ছে নদীর সব ধরনের পোনা মাছ ও অন্যান্য দেশি প্রজাতির ছোট মাছ। জালের ছিদ্র অত্যন্ত ছোট হওয়ায় জলজ পোকামাকড়ও বের হতে পারে না।

স্থানীয় সচেতন মহলের মতে, কাউখালী উপজেলার সন্ধ্যা, কচা, গাবখান ও চিরাপাড়া নদীসহ বিভিন্ন অভ্যন্তরীণ খালে মাছ শিকারে নিষিদ্ধ চরগড়া জালের ব্যবহার দিন দিন বাড়ছে। এই জালে মাছের ছোট পোনাও আটকে যায়। ফলে মাছ বড় হতে পারছে না। এভাবে পোনা মাছ নিধন চলতে থাকলে ভবিষ্যতে দেশি মাছের অস্তিত্ব সংকটে পড়বে। জেলেরা জালে আটকা পড়া ছোট মাছগুলো স্থানীয় বাজারে বিক্রি করছে।  

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শুভ হালদার জানান, রাতের আঁধারে এবং ভোরের আলো ফোটার আগে চরগড়া দিয়ে মাছ ধরার মহোৎসব চলে। এদের বাধা দিলে উল্টো হুমকির শিকার হতে হয়। 

এ বিষয়ে জানার জন্য উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ধরনের জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। চরগড়া বা বেহন্দি জাল মৎস্য প্রজনন ও বৃদ্ধির প্রধান অন্তরায়। আমাদের লোকবল কম থাকায় নিয়মিত অভিযান করতে খুবই সমস্যা হচ্ছে তবে অভিযান অব্যাহত রয়েছে।



  বিষয়:   পিরোজপুর  কাউখালী  নদী  খাল  বিল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: