সংবাদ প্রকাশের জের ধরে সময়ের আলোর বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ বেলাল উদ্দিনের ওপর হামলার ঘটনায় জড়িত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দিনকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সদস্য নিজাম উদ্দিনকে প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।
নিজাম উদ্দিনের সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দিয়ে এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনো রূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
আরও পড়ুন
প্রসঙ্গত, ২০২৫ সালের ১২ আগস্ট বাঁশখালীর কুতুবদিয়া চ্যানেলে অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সময়ের আলোর বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ বেলাল উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে হামলা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক ঘণ্টার মধ্যে আসামি নিজাম উদ্দিনকে (৩০) গ্রেফতার করে পুলিশ। নিজাম উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নিজাম কাথরিয়া ইউনিয়নের বরইতলী এলাকার অলি আহমদের ছেলে।
জানা যায়, এজাহার দায়েরের মাত্র এক ঘণ্টার মধ্যে সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। ঘটনার দিন রাতে কোতোয়ালী থানায় মামলা (এজাহার) রেকর্ড হওয়ার পরপরই ওসি আবদুল করিমের নির্দেশে তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল আন্দরকিল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব রেজাউল হক চৌধুরীর অবৈধ বালু উত্তোলন নিয়ে গত ৪ জুলাই সময়ের আলোতে একটি প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক বেলাল উদ্দিন। এরপর থেকেই তিনি নানাভাবে হুমকির শিকার হচ্ছিলেন।
এরই ধারাবাহিকতায়, ২০২৫ সালের ১২ আগস্ট অভিযুক্ত নিজাম উদ্দিন সাংবাদিক বেলালকে ফোন করে ‘জরুরি তথ্য দেওয়ার’ কথা বলে চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা মোড়ে আসতে বলে। বেলাল সেখানে পৌঁছানো মাত্রই পূর্ব পরিকল্পনা অনুযায়ী নিজাম, মোহাম্মদ নুরুন্নবী, রাসেল চৌধুরীসহ অজ্ঞাত আরও ২-৩ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। ‘রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে নিউজ করেছিস কেন? তোকে আজ মেরেই ফেলব,’-এই বলে তারা বেলালকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করে।
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় একই দিন রাতে ভুক্তভোগী সাংবাদিক বেলাল উদ্দিন বাদী হয়ে বাঁশখালী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, ছনুয়া ইউনিয়ন ছাত্রদল কর্মী মোহাম্মদ নুরুন্নবী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দিনের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।
তবে বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে নিজাম উদ্দিন বলেন, ‘আমাকে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বহিষ্কার করা হয়েছে। আমি নিজেও জানি না সংগঠনের কী নিয়ম ভঙ্গ করেছি।’
এএডি/