প্রাথমিক শিক্ষার্থীদের সহায়তায় বড় উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। চলতি অর্থবছরের মধ্যেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য তুলে ধরেন তিনি। সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, শিক্ষা খাতকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করতে সরকার নানা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাকে শুধু পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না রেখে জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মানোন্নয়ন এবং তাদের বিদ্যালয়মুখী রাখতে সহায়ক পরিবেশ তৈরির অংশ হিসেবে বিনামূল্যে ড্রেস বিতরণ কার্যক্রম শুরু করা হচ্ছে, যা পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় বিস্তৃত করা হবে।
আরও পড়ুন
এছাড়াও শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে ধাপে ধাপে সব উপজেলায় মিড-ডে মিল বা স্কুল ফিডিং চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
ডিজিটাল শিক্ষার প্রসারে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্কুল-কলেজে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, ১৫০০ শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সংযোগ এবং শিক্ষার্থী-শিক্ষকদের জন্য ‘এডু-আইডি’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনাও রয়েছে।
কারিগরি শিক্ষার বিস্তারে প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং প্রতিটি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, অল্প সময়ের মধ্যেই হাজার হাজার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, অ্যাপ ডেভেলপমেন্টসহ আধুনিক বিষয়গুলোতে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগও গ্রহণ করা হয়েছে।
এএডি/