সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় নাঈম ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
বুধবার (৮এপ্রিল) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহত নাঈম কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের রূপসা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।
স্বজনরা জানান, প্রায় আট বছর আগে পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নতির আশায় সৌদি আরবে পাড়ি জমান নাঈম ইসলাম। সেখানে তিনি আল ফাহাদ কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো বুধবার সকালেও কাজে যাওয়ার উদ্দেশ্যে ময়লার গাড়িতে করে রওনা দেন তিনি। পথিমধ্যে পেছন দিক থেকে একটি দ্রুতগামী লরি গাড়িটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের চাচা মো. আব্দুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।
নাঈমের আকস্মিক মৃত্যুতে তার পরিবারে নেমেছে শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে বাবা মা সহ পরিবারের সদস্যরা।
নিহতের স্ত্রী হ্যাপী আক্তারসহ এলাকাবাসী দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
সময়ের আলো/আরবিএন