রিয়ালের বার্নাব্যুতে বায়ার্ন মিউনিখের রাজত্ব

ক্রীড়া ডেস্ক

খেলা

এ যেন চ্যাম্পিয়ন্স লিগের সেই চিরচেনা রোমাঞ্চ আর দীর্ঘ ১৪ বছরের এক আক্ষেপ ঘোচানোর গল্প। সান্তিয়াগো বার্নাব্যু সাক্ষী হয়ে রইল

2026-04-09T05:32:36+00:00
2026-04-09T05:32:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
রিয়ালের বার্নাব্যুতে বায়ার্ন মিউনিখের রাজত্ব
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৫:৩২ এএম 
ঘরের মাঠ বার্নাব্যুতে রিয়ালকে ২-১ গোলে হারায় বায়ার্ন। গোলের পর হ্যারিকেনের উল্লাস। ছবি : সংগৃহীত
এ যেন চ্যাম্পিয়ন্স লিগের সেই চিরচেনা রোমাঞ্চ আর দীর্ঘ ১৪ বছরের এক আক্ষেপ ঘোচানোর গল্প। সান্তিয়াগো বার্নাব্যু সাক্ষী হয়ে রইল বায়ার্ন মিউনিখের এক ঐতিহাসিক প্রত্যাবর্তনের। 

রিয়াল মাদ্রিদ নামক যে ‘ইউরোপিয়ান দেয়ালটি’ গত এক যুগেরও বেশি সময় ধরে বায়ার্ন মিউনিখের সামনে অভেদ্য হয়ে দাঁড়িয়েছিল, মঙ্গলবার রাতে সেই দেয়াল ধসিয়ে দিল জার্মান জায়ান্টরা। ৪০ বছর বয়সেও পোস্টের নিচে ‘চীনের প্রাচীর’ হয়ে দাঁড়িয়ে যাওয়া মানুয়েল নয়ারের অবিশ্বাস্য নৈপুণ্য আর হ্যারি কেইন-লুইস দিয়াসদের দারুণ পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের এক মহাকাব্যিক জয় তুলে নিয়েছে বায়ার্ন।

মঙ্গলবার রাতের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে লড়াই হয়েছে সমানে সমানে। দুই দলই সমান ২০টি করে শট নিয়ে গোলমুখে তাণ্ডব চালিয়েছে। তবে ভাগ্য এবং ফিনিশিংয়ের লড়াইয়ে শেষ হাসি হেসেছে বায়ার্নই। রিয়ালের ৯টি শট লক্ষ্যে থাকলেও নয়ারের অসীম সাহসিকতা আর ক্ষিপ্রতার কাছে হার মানতে হয়েছে মাদ্রিদিস্তাদের।

খেলার শুরু থেকেই বায়ার্ন রক্ষণভাগ কিছুটা অগোছাল থাকলেও ত্রাতা হয়ে আসেন মানুয়েল নয়ার। বিশেষ করে প্রথমার্ধের ১৬ ও ১৮ মিনিটে কিলিয়ান এমবাপে ও ভিনিসিউস জুনিয়রের দুটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে দিয়ে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন এই অভিজ্ঞ গোলরক্ষক। উল্টোদিকে বায়ার্নও সুযোগ নষ্ট করেছে; বিশেষ করে উপামেকানোর মিস এবং জিনাব্রির আক্রমণ রিয়ালকে কাঁপিয়ে দিয়েছিল।

ম্যাচের ৪১ মিনিটে ডেডলক ভাঙে সফরকারীরা। জিনাব্রির চমৎকার এক থ্রু পাস ডি-বক্সে খুঁজে নেয় লুইস দিয়াসকে। নিখুঁত ফিনিশিংয়ে লুনিনকে পরাস্ত করে বায়ার্নকে উল্লাসে মাতান তিনি। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাভারিয়ানরা। বিরতি থেকে ফিরেই আক্রমণের গতি বাড়ায় বায়ার্ন। গোল হজম করার ধাক্কা সামলে ওঠার আগেই ৪১ ম্যাচে ৪৯তম গোল করে বসেন হ্যারি কেইন। মাইকেল ওলিসের পাস থেকে প্রথম ছোঁয়ায় জাল খুঁজে নিয়ে রিয়ালকে স্তব্ধ করে দেন এই ইংলিশ স্ট্রাইকার। চ্যাম্পিয়ন্স লিগে চলতি মৌসুমে এটি ছিল তার ১১তম গোল।

দ্বিতীয় গোল খেয়ে রিয়ালের আত্মবিশ্বাস কিছুটা নড়ে গেলেও ঘরের মাঠে তারা হাল ছাড়েনি। ৭৪ মিনিটে আর্নল্ডের দুর্দান্ত ক্রস থেকে পা ছুঁইয়ে ব্যবধান কমান কিলিয়ান এমবাপে। মৌসুমে এটি তার ৩৯তম গোল। গোল পাওয়ার পর সান্তিয়াগো বার্নাব্যু যেন গর্জনে ফেটে পড়ে কিন্তু জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। এমবাপে ও ভিনিসিউস এরপরও বেশ কিছু সুযোগ পেলেও নয়ারের দৃঢ়তায় সমতায় ফেরা হয়নি রিয়ালের।

২০১১-১২ আসরের পর এই প্রথম রিয়াল মাদ্রিদকে হারানোর স্বাদ পেল বায়ার্ন মিউনিখ। ২-১ ব্যবধানের এই স্বস্তির জয় নিয়ে আগামী বুধবার নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ফিরতি লেগে লস ব্ল্যাঙ্কোসদের আতিথ্য দেবে বায়ার্ন। 

রিয়াল কি পারবে ঘুরে দাঁড়াতে, নাকি বায়ার্ন তাদের এক যুগের আধিপত্য চূড়ান্তভাবে চুরমার করবে? উত্তর মিলবে আগামী সপ্তাহেই। চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের প্রথম লেগের আরেক ম্যাচে কাই হাভার্টসের শেষ মুহূর্তের গোলে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপিকে ১-০ গোলে হারিয়েছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল।

সময়ের আলো/কেএইচও 


  বিষয়:   রিয়াল  বার্নাব্যু  বায়ার্ন  মিউনিখ  রাজত্ব 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: