স্কোরলাইন বলছে ২-০, কিন্তু বাস্তবে ব্যবধান ছিল আরও বড়- এমনই এক ম্যাচে পিএসজির কাছে কার্যত অসহায় দেখিয়েছে লিভারপুল এফসি।
উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ফরাসি চ্যাম্পিয়নরা। বল দখলে ৭৪ শতাংশ এগিয়ে থাকা, ১৮টি শট নেওয়া- সব মিলিয়ে একচেটিয়া নিয়ন্ত্রণ ছিল লুইস এনরিকে দলের।
১১ মিনিটেই ম্যাচের প্রথম ধাক্কা খায় লিভারপুল। আক্রমণের এক পর্যায়ে সুযোগ পেয়ে জালে বল জড়ান ডিসেরির ডিউ। এরপরও একের পর এক আক্রমণে ইংলিশ ক্লাবটিকে চাপে রাখে পিএসজি, যদিও গোলরক্ষক জর্জি মামারদাশভিলি কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন।
দ্বিতীয়ার্ধে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। বরং ব্যবধান আরও বাড়ান খভিচা কভারাটসখেলিয়া, যিনি দুর্দান্ত দক্ষতায় ডিফেন্স ভেঙে গোল করেন। এর আগে-পরে উসমান ডেমবেলসহ একাধিক খেলোয়াড় সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি।
আরও পড়ুন
অন্যদিকে আর্নে স্লটের লিভারপুল পুরো ম্যাচেই ছিল ছন্নছাড়া। মাত্র তিনটি শট নিতে পারলেও লক্ষ্যে রাখতে পারেনি একটিও- যা তাদের আক্রমণভাগের দুর্বলতাকেই স্পষ্ট করে।
ম্যাচের শেষভাগে পেনাল্টির সম্ভাবনা তৈরি হলেও ভিএআর সেটি বাতিল করে। তবুও পিএসজির দাপট কমেনি, বরং আরও কয়েকটি সুযোগ তৈরি করেছিল তারা।
এই হারের ফলে টানা তিন ম্যাচে পরাজয়ের মুখ দেখল লিভারপুল, যা তাদের আত্মবিশ্বাসে বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।
এখন সব চোখ দ্বিতীয় লেগে, অ্যানফিল্ডে। তবে দুই গোলের ঘাটতি কাটিয়ে ঘুরে দাঁড়ানো লিভারপুলের জন্য বড় চ্যালেঞ্জই হতে যাচ্ছে।
এএডি/