ইসরায়েল একটি শয়তান শক্তি এবং মানবতার অভিশাপ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। শুক্রবার (১০ এপ্রিল) সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, এ মন্তব্যের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
খাজা মুহাম্মদ আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে অভিযোগ করেছেন, যখন ইসলামাবাদে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, এমন সময় ইসরায়েল লেবাননে বেসামরিক নাগরিকদের হত্যা করে চলেছে। তিনি পোস্টে আরও লিখেছেন, ইসরায়েল একটি শয়তানি শক্তি এবং মানবতার জন্য অভিশাপ।
তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েল প্রথমে গাজা, তারপর ইরান এবং এখন লেবাননে নির্বিচারে রক্তপাত ঘটিয়ে গণহত্যা চালাচ্ছে। খাজা আসিফ অত্যন্ত কঠোর ভাষায় বলেন যে, যারা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি করেছে তারা যেন নরকের আগুনে পোড়ে। তার এই বিস্ফোরক মন্তব্য মুহূর্তেই আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রে চলে আসে।
খাজা আসিফের এই বার্তার জবাবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য মূলত ইসরায়েল রাষ্ট্রকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটি নির্লজ্জ আহ্বান, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সময়ের আলো/আআ