জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য বড় অঙ্কের আয়ের অন্যতম উৎস ঢাকা প্রিমিয়ার লিগ (ঢাকা লিগ)। তবে এবার নির্ধারিত সময়ে লিগ মাঠে না গড়ানোয় অনিশ্চয়তা ও সংশয় তৈরি হয়েছিল। এমনকি লিগ আদৌ অনুষ্ঠিত হবে কি না তা নিয়েও শঙ্কা ছিল ক্রিকেট সংশ্লিষ্টদের মধ্যে।
মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনকে কেন্দ্র করে সদ্য বিলুপ্ত আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ এবং ঢাকার ক্রীড়া সংগঠকদের মধ্যে দ্বন্দ্বের জেরে লিগ আয়োজন আটকে যায়।
তবে তামিম ইকবাল নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকেই ঘরোয়া ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ আসরটি মাঠে ফেরানোর উদ্যোগ নেয়া হয়।
এর আগে লিগ বন্ধ থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন একাধিক ক্রিকেটার।
পরে বুধবার (৮ এপ্রিল) তামিম ইকবাল সংবাদ সম্মেলনে ঢাকা লিগ নিয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। এতে ঘরোয়া প্রতিযোগিতা মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কেটে যায়।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে সব ক্লাবের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ঢাকার সব ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং তারা লিগে অংশগ্রহণের বিষয়ে সম্মতি দেন।
বৈঠকে দলবদল ও লিগ শুরুর সম্ভাব্য সময়ও চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, চলতি মাসেই খেলোয়াড়দের দলবদল অনুষ্ঠিত হবে এবং আগামী মাসের প্রথম সপ্তাহে ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া ভেন্যু নিয়েও আলোচনা হয়। প্রস্তাব অনুযায়ী জানা যায়, প্রতিদিন একাধিক ম্যাচ আয়োজনের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। সম্ভাব্য ভেন্যুর তালিকায় রয়েছে, বিকেএসপি (১ ও ২ নম্বর গ্রাউন্ড), পিকেএসপি, রাইডার্স এরেনা, বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ড, ক্রিকেটার্স একাডেমি এবং সিলিকন ভ্যালি গ্রাউন্ড।
সময়ের আলো/আরবিএন