জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে অনুর্ধ্ব ১২ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য বিদ্যমান ৫০টি আসনের পাশাপাশি আরও ১০০টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের লিখিত আবেদনের প্রেক্ষিতে স্পিকার এই প্রস্তাব অনুমোদন করেন। শুক্রবার (১০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংসদীয় রীতি অনুযায়ী, আগে থেকেই সংসদ গ্যালারিতে অনূর্ধ্ব ১২ বছরের শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন সংরক্ষিত ছিল। তবে শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহের কথা বিবেচনা করে শিক্ষামন্ত্রী আরও ১০০টি আসন বরাদ্দের জন্য স্পিকারের কাছে লিখিত আবেদন জানান। স্পিকারের সম্মতির ফলে এখন থেকে মোট ১৫০টি আসনে বসে শিক্ষার্থীরা সংসদীয় কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবে।
এ প্রসঙ্গে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার্থীদের নিয়ে নৌবিহারে যেতেন, যাতে তারা রাষ্ট্রের সম্পদ ও সম্ভাবনা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। শিক্ষামন্ত্রী হিসেবে আমিও চাই বর্তমানের ‘জেন-জি’ বা নতুন প্রজন্ম রাষ্ট্র সম্পর্কে জানুক এবং রাজনীতি সচেতন হয়ে উঠুক।
উদ্যোগটি বাস্তবায়নে শিক্ষামন্ত্রী জাতীয় সংসদের সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়ার সঙ্গে আলাপ করলে তিনি একে স্বাগত জানান। সংসদ সচিবালয় সূত্রে জানানো হয়েছে, শিক্ষার্থীরা সংসদে এলে অধিবেশন শুরু হওয়ার আগে তাদের সংসদ ভবন নিয়ে বিস্তারিত ব্রিফিং প্রদান করা হবে। এতে তারা লুই আই কানের নকশা করা অনন্য স্থাপত্যশৈলী, সংসদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করতে পারবে।
/কহু