জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং আহত ও লড়াই করা ‘জুলাই যোদ্ধাদের’ কল্যাণ ও পুনর্বাসনের লক্ষ্যে বহুল প্রতীক্ষিত একটি বিল জাতীয় সংসদে পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে সংসদ অধিবেশনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল-২০২৬’ উত্থাপন করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।
বিলটি পাসের প্রস্তাব উত্থাপনকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়ে লড়াই করেছেন, তাদের যথাযথ সম্মান, কল্যাণ ও পুনর্বাসন নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। এই বিলের মাধ্যমে গণঅভ্যুত্থানের মহান মর্ম ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করা হবে। পাশাপাশি এই আন্দোলনের সঠিক ইতিহাস সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিলটি পেশ করা হয়। মন্ত্রী বিলটি উত্থাপনের পর ডেপুটি স্পিকার তা সংসদ সদস্যদের ভোটের জন্য দিলে উপস্থিত এমপিরা ‘হ্যাঁ’ ধ্বনিতে বিলে পূর্ণ সমর্থন জানান। এর আগে সকাল ১০টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আরও ১০টি বিল পাস করে সংসদ।
-কহু