ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা আফিয়া নুসরাত বর্ষার অভিনয় ছাড়ার গুঞ্জন বহুদিন থেকেই শোনা যাচ্ছিল। তবে এবার জানা গেল চলচ্চিত্রজগৎ ছাড়ার আসল কারণ। হঠাৎই রাজনীতিতে প্রবেশের ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিনেত্রীর স্বামী ও ঢালিউডের আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল এসব কথা জানান।
তিনি বলেন, বর্ষা দীর্ঘদিন ধরেই নিঃশব্দে সাধারণ মানুষের সেবা করে আসছেন। জনগণের সেবা করার লক্ষ্যেই তাকে নেত্রী হিসেবে দেখতে চাই। তার মনে প্রবল দেশসেবা করার ইচ্ছা আছে।
রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে অনন্ত জলিল জানান, আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না। তবে কোনো না কোনো দলের সঙ্গে যুক্ত হয়েই রাজনীতি করতে হয়।
তবে রাজনীতিতে নামার ঘোষণা দিলেও আদর্শিক জায়গায় কোনো ছাড় দিতে নারাজ এই দম্পতি। তিনি এ সময় সৎ রাজনীতিবিদের উদাহরণে এনসিপির হাসনাত আব্দুল্লাহর প্রসঙ্গ টানেন।
তিনি বলেন, এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর কথাগুলো দেখুন, তিনি একদম সরাসরি সত্য কথাগুলো বলেন। সবার সামনে স্পষ্ট করে বলেন যে, কেউ চাঁদা তুলতে পারবে না, অন্যায় করতে পারবে না। সৎ পথে থেকেও তো নেতৃত্ব দেওয়া যায়!
প্রসঙ্গত, এর আগেও অনন্ত জলিল এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন চিত্রনায়িকা বর্ষাকে নেত্রী হিসেবে দেখতে চান তিনি। সে সময় বর্ষাও জানিয়েছিলেন, মানুষের সেবা করতে তার ভালো লাগে। সরকারের সহযোগিতায় তিনি এমন মহৎ কাজ বিশাল পরিসরে করতে চান।
/ইউএমএইচ