উত্তর আরব সাগরে মাঝ সমুদ্রে বিপদে পড়া একটি বাণিজ্যিক জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ জন নাবিককে সফলভাবে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানি উপকূল থেকে প্রায় ২০০ নটিক্যাল মাইল (৩৭০ কিলোমিটার) দূরে ‘এমভি গোল্ড অটাম’ নামক জাহাজটি থেকে জরুরি সংকেত পাওয়ার পর এই উদ্ধার অভিযান চালানো হয়।
শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, শুক্রবার উত্তর আরব সাগরে অবস্থানকালে ‘গোল্ড অটাম’ জাহাজটি থেকে সাহায্যের আবেদন জানিয়ে জরুরি বার্তা পাঠানো হয়। সংকেত পাওয়া মাত্রই পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি তাদের উদ্ধার সমন্বয় কেন্দ্র সক্রিয় করে। ওই এলাকায় টহলরত পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘পিএনএস হুনাইন’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
নৌবাহিনীর বিশেষ দলগুলো জাহাজটিতে তল্লাশি চালানোর পাশাপাশি অগ্নিনির্বাপণ এবং যান্ত্রিক ত্রুটি নিরসনে কাজ করে। তবে ঠিক কী কারণে জাহাজটি দুর্ঘটনার মুখে পড়েছিল, তা এখনো স্পষ্টভাবে জানায়নি কর্তৃপক্ষ।
উদ্ধার হওয়া ১৮ জন নাবিকের মধ্যে বাংলাদেশের নাগরিক ছাড়াও চীন, মিয়ানমার, ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামের নাগরিক রয়েছেন। নৌবাহিনীর বিশেষজ্ঞ দল উদ্ধারকৃত নাবিকদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এছাড়া উন্নত চিকিৎসা এবং নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের করাচিতে নিয়ে আসা হয়েছে। সেখান থেকেই তারা নিজ দেশে ফিরে যাবেন বলে জানা গেছে।
/কহু