গাজীপুরের কাপাসিয়ায় একসঙ্গে জন্ম নেওয়া পাঁচটি সন্তানকে নিয়ে সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন মা মাসুমা আক্তার। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর একটি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তিনি কাপাসিয়ার টোক ইউনিয়নের দীঘাবর গ্রামের বাড়িতে পৌঁছান। এই ঘটনায় মা ও পাঁচ নবজাতক সুস্থ থাকায় এলাকায় আনন্দের বন্যা বইছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল প্রসব বেদনা উঠলে মাসুমা আক্তারকে দ্রুত রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি তিনটি মেয়ে ও দুটি ছেলের জন্ম দেন। এই দম্পতির আগে ৯ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
চিকিৎসক ডা. কামরুজ্জামান সেলিম জানান, একসঙ্গে পাঁচটি সন্তানের জন্ম অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। সাধারণত এমন ক্ষেত্রে শিশুদের ওজন অনেক কম থাকে, তবে এক্ষেত্রে পাঁচটি শিশুর সম্মিলিত ওজন ছিল প্রায় ৮ কেজি। প্রতিটি শিশুর ওজন গড়ে ১ কেজি ৪০০ গ্রাম থেকে ১ কেজি ৫০০ গ্রামের মধ্যে, যা আশাব্যঞ্জক।
জন্মের পর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে নবজাতকদের আইসোলেশনে রেখে নিবিড় পর্যবেক্ষণ করা হয়। একজনের শারীরিক অবস্থা কিছুটা জটিল থাকলেও বর্তমানে সবাই আশঙ্কামুক্ত।
মাসুমার স্বামী কাজল মিয়া আবেগাপ্লুত হয়ে বলেন, একসাথে পাঁচ সন্তান ও স্ত্রীকে নিয়ে সুস্থভাবে বাড়ি ফিরতে পারবো তা কখনো ভাবিনি। আল্লাহর রহমতে আজ আমরা সবাই ভালো আছি- এটিই আমার জীবনের সেরা দিন।
/কহু