জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় আশুরা (৩৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার সাবেক স্বামী বাবলু মিয়াকে (৫১) আটক করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গতকাল শুক্রবার রাতে উপজেলার আটিদাশা মৌজার সাঁতার গুচ্ছগ্রাম সংলগ্ন ধানখেত থেকে আশুরার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আশুরা বাবলু মিয়ার তালাকপ্রাপ্ত স্ত্রী বলে জানা গেছে। বাবলুর তিনজন স্ত্রী ছিল, যার মধ্যে আশুরা ছিলেন তৃতীয়। ডিভোর্সের পর আশুরা আদালতে নারী শিশু ও যৌতুকের মামলা করেন, যা বর্তমানে চলমান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার নিহত আশুরাকে নিয়ে দিনভর বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন বাবলু। স্থানীয় বাজারেও তাদের একসঙ্গে দেখা গেছে। পরে রাত আনুমানিক ৮টার দিকে গুচ্ছগ্রাম সংলগ্ন একটি ধানখেতে আশুরার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়।
এসময় নিহতের মাথার পেছনে গভীর আঘাতের চিহ্ন দেখা যায়। ঘটনাস্থল থেকে স্যান্ডেল, গেঞ্জি ও কাদামাখা লুঙ্গি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শনিবার সকালে বাবলু মিয়াকে আটক করা হয়।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে তিনি ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।