বরিশালের বানারীপাড়া অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে মো. শামসুল আলম শিমু নামে এক ডিলারকে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে তিন মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১১ এপ্রিল) দুপুর ২টার বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদুর রহমান।
অভিযুক্ত ডিলার শামসুল আলম সাবেক পৌর কমিশনার রফিকুল আলমের ভাই।
জানা গেছে, ডিলার শামসুল আলমের সর্বোচ্চ ৪০টি গ্যাস সিলিন্ডার মজুদের অনুমতি রয়েছে। তবে তিনি দীর্ঘদিন ধরে প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার গ্যাস সিলিন্ডার নিজ বাড়িতে মজুত করে রাখেন। পরে এসব সিলিন্ডার উপজেলা সদরের বন্দর বাজারের ফেরিঘাট সংলগ্ন ‘বৈশাখী প্লাস’ নামে তার দোকান থেকে বেশি দামে বিক্রি করেন।
এসব অভিযোগের ভিত্তিতে তার তার বাড়ি ও দোকানে অভিযান বানারীপাড়া উপজেলা প্রশাসন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদুর রহমান বলেন, অভিযুক্ত ডিলারকে মজুদকৃত সিলিন্ডার দ্রুত সরবরাহ এবং অনুমতিপত্র অনুযায়ী ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা আদায়সহ তাকে এক হাজার টাকার মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এফআর