রাঙামাটির কাপ্তাই লেকে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধে আটকা পড়া নৌ যোগাযোগের একমাত্র মাধ্যম কার্গো ট্রলি দীর্ঘ ২০ দিন ধরে অচল হয়ে পড়ে আছে। যান্ত্রিক ত্রুটির কারণে দেশের একমাত্র এই কার্গো সার্ভিসটি বন্ধ হয়ে যাওয়ায় কাপ্তাই লেকে নষ্ট হচ্ছে কোটি টাকার বাঁশ ও বিভিন্ন পচনশীল কাঁচামাল। কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট কয়েক হাজার শ্রমিক, দিনমজুর ও ব্যবসায়ী।
গত শুক্রবার কাপ্তাই বাজারস্থ কার্গো এলাকায় গিয়ে দেখা যায়, যান্ত্রিক ত্রুটির অজুহাতে অচল হয়ে পড়ে আছে বিশালাকার কার্গোটি। রাঙামাটি, খাগড়াছড়ির বিভিন্ন অঞ্চল থেকে কাপ্তাই লেকে হাজার হাজার বাঁশের চালি, ফলমূলসহ কোটি টাকা মূল্যের কাঁচামাল পড়ে রয়েছে। এর মধ্যে কিছু কাঁচামালে পচন ধরেছে। কাপ্তাই বাঁধের কারণে লেক এবং কর্ণফুলী নদীর পারাপারের একমাত্র যান্ত্রিক সেতু এই কার্গো। এটি বন্ধ থাকায় পাহাড়ি অঞ্চল থেকে আসা পণ্যবাহী নৌকাগুলো নদী অংশে নামতে পারে না। তাই এই কার্গো সার্ভিসের সাহায্যে কাপ্তাই লেক থেকে বোট, নৌকা, বাঁশসহ রাঙামাটির বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের পাহাড়ি কাঁচামাল কাপ্তাই সড়কের ওপর দিয়ে পরিবহন করে অপর পাড়ে কর্ণফুলী নদীতে পার করে দেওয়া হয়। দীর্ঘ বছর ধরে এই কার্যক্রম চলে এলেও মাঝেমধ্যে যান্ত্রিক সমস্যা দেখা দেয় এবং গত ২০ দিন ধর একেবারে বন্ধ হয়ে যায় কার্গো সার্ভিসটি।
বাঁশ ব্যবসায়ী কালু সওদাগর অভিযোগ করে বলেন, পুরোনো এই কার্গো ট্রলিটি গত ১০ বছর ধরেই ত্রুটিপূর্ণ। ৫ আগস্টের আগে ভারতের ‘মজুমদার ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠানকে এটি মেরামতের দায়িত্ব দেওয়া হলেও তারা কাজ অসম্পূর্ণ রেখেই চলে যায়। বর্তমানে ১৮-২০ দিন ধরে এটি সম্পূর্ণ বন্ধ। পিডিবি কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমাদের সংগৃহীত কোটি কোটি টাকার বাঁশ ও কাঁচামাল এখন লেকেই পচে যাচ্ছে।
কার্গো শ্রমিক মো. মাহবুব জানান, দীর্ঘ ২০ দিন ধরে আয়-রোজগার বন্ধ থাকায় তাদের পরিবার-পরিজন মানবেতর জীবনযাপন করছে। দ্রুত সমাধান না হলে বেকার শ্রমিকদের অনেকেই অনৈতিক পথে পা বাড়াতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। কাঁচামাল ব্যবসায়ী মো. কুতুব উদ্দিন বলেন, দ্রুত সমস্যার সমাধান না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন।
কার্গো মালামাল প্রণালির গোলাম কিবরিয়া জানান, এটি বাংলাদেশের একমাত্র এবং অত্যন্ত পুরোনো একটি প্রজেক্ট।
বর্তমানে কার্গো ঠিক থাকলেও বিদ্যুৎ সরবরাহের প্রধান ক্যাবলটিতে ত্রুটি দেখা দিয়েছে। এই বিশেষ ধরনের ক্যাবল বাংলাদেশের কাপ্তাইয়ে দেশের একমাত্র কার্গো। এ বিষয়ে জানতে কাপ্তাই কার্গো ট্রলির দায়িত্বে নিয়োজিত পিডিবির সহকারী প্রকৌশলী কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, নষ্ট হওয়া ক্যাবলটি আমদানির চেষ্টা চলছে, যা হাতে পেলেই মেরামত কাজ শুরু হবে। স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের দাবি, কয়েক হাজার মানুষের জীবন-জীবিকা এবং কোটি টাকার রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সম্পদ রক্ষায় জরুরি ভিত্তিতে এই কার্গো ট্রলিটি সচল করা এখন সময়ের দাবি।