ঈদুল ফিতর ঘিরে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ইউটিউবে প্রচারিত হয়েছে ছয় শতাধিক নাটক। এর মধ্যে অন্যতম আলোচিত নাটক ‘কসম’। এতে প্রেম ও পরিবারের জটিল সমীকরণ তুলে ধরা হয়েছে। সিএমভির ব্যানারে নাটকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন। চিত্রনাট্যও তারই। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী।
নাটকের গল্পে একদিকে রয়েছে পারিবারিক টানাপড়েন, অন্যদিকে জীবন-মরণের সন্ধিক্ষণে প্রেমিকা। প্রেমিকা তটিনীর মৃত্যুর হাতছানিতে প্রেমিক জোভান এমন এক কসম কাটেন, যা ঘিরে জন্ম নেয় বিস্ময়কর এক ঘটনা। ফলে ক্লাইম্যাক্সে হয়ে উঠেছে চরমে।
৩ এপ্রিল নাটকটি মুক্তি পায় সিএমভির ইউটিউব চ্যানেলে। প্রকাশের পর থেকেই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে ‘কসম’। গত ৮ দিনে নাটকটি ৭২ লাখ ভিউ অতিক্রম করেছে। নাটকটি প্রসঙ্গে পরিচালক জাহিদুল ইসলাম সুজন বলেন, ‘নাটকের গল্পটির মধ্যে অনেক বাঁক রাখার চেষ্টা করেছি। যেখানে দর্শকদের সামনে উঠে এসেছে প্রেম ও পরিবারের জটিল সমীকরণ। সে জন্যই হয় তো দর্শক-সমালোচকদের পক্ষ থেকে দারুণ সাড়া পাচ্ছি।’
নাটকটি নিয়ে তটিনী বলেন, এর গল্পটি প্রেমের হলেও সুন্দরভাবে এগিয়ে গিয়ে এক কসমে যেন সব এলোমেলো হয়ে যায়। সিনেমার চেয়েও বেশি সিনেমাটিক ফুটে উঠেছে। নাটকটি অভিনয়ের দিক থেকে চ্যালেঞ্জিং ছিল। বিশেষ করে গল্পের শেষ অংশে কসম এবং তার পরবর্তী ঘটনার আবেগ। রোমান্টিক গল্পে অনেক অভিনয় করলেও এই কাজটি আমার কাছে ব্যতিক্রম লেগেছে। সংলাপ, লোকেশন সবকিছুই অসাধারণ লেগেছে।
জোভান বলেন, তটিনী ও আমি এর আগে বেশ কিছু নাটকে কাজ করেছি, কিন্তু ‘কসম’-এর গল্পের গভীরতা এবং চরিত্রের মানসিক দ্বন্দ্ব অনেক আলাদা। এটি এমন একটি নাটক, যা দেখার পর দর্শক আবেগের সঙ্গে নিজেদের জড়িত মনে করবেন। যারা দেখেছেন তারা ইতিবাচক মন্তব্য করছেন।
‘কসম’ ছাড়াও এই ঈদে জোভান-তটিনী জুটির বেশ কয়েকটি নাটক প্রচার হয়েছে। এর মধ্যে মোস্তাফা কামাল রাজের পারিবারিক গল্পের ‘ফ্যামিলি ম্যান’ নাটকটি কোটি ভিউ অতিক্রম করেছে অনেক আগেই। ‘মন ফড়িং’, ‘এক মুঠো সুখ’, ‘প্রিয় নামে ডাকো’ ও ‘অপূর্ণ থেকে পূর্ণতা’ নাটকগুলো ভিউয়ে এগিয়ে থাকার সঙ্গে তাদের অভিনয় এবং একাধিক নাটকের গল্প ঘিরে নেটদুনিয়ায় ইতিবাচক সাড়া পড়েছে।
এর বাইরে জোভানের ‘আপনজন’, ‘বাতাসের ফুল’, ‘গুড লাক’, ‘কলেজ ডেজ’, ‘হ্যাপি ডিভোর্স, ‘আমি একজন খুনি বলছি’, ‘ভেজা চোখ’, ‘তোমাকে চাই’, ‘মন প্রিয়’ ঈদের নাটকগুলো দর্শক গ্রহণ করেছেন। অন্যদিকে ঈদে তটিনীর ‘বেশি বলে বুলবুলি টু’, ‘তুমি যখন এলে’, ‘জানি দেখা হবে’ নাটকগুলো নজর কেড়েছে দর্শকদের।