হরমুজে মাইন অপসারণে অভিযান মার্কিন ডেস্ট্রয়ারের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনার চলার সময় মার্কিন নৌবাহিনীর দুটি ডেস্ট্রয়ার হরমুজ প্রণালীতে প্রবেশ করেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর

2026-04-12T14:08:51+00:00
2026-04-12T14:08:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হরমুজে মাইন অপসারণে অভিযান মার্কিন ডেস্ট্রয়ারের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ২:০৮ পিএম 
হরমুজ প্রণালীতে মার্কিন ডেস্ট্রয়ার। সংগৃহীত ছবি
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনার চলার সময় মার্কিন নৌবাহিনীর দুটি ডেস্ট্রয়ার হরমুজ প্রণালীতে প্রবেশ করেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, প্রণালিটি থেকে মাইন অপসারণের অভিযান শুরু করতেই তারা সেখানে প্রবেশ করে। খবর নিউইয়র্ক টাইমসের। 

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর তদারকিকারী ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, 'ইউএসএস ফ্র্যাঙ্ক ই. পিটারসন' এবং 'ইউএসএস মাইকেল মারফি' নামে দুটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার পারস্য উপসাগরে প্রবেশ করেছে। ইরান এই জলপথে যে সব সামুদ্রিক মাইন পেতে রেখেছে, সেগুলো শনাক্ত ও অপসারণ করাই এই অভিযানের লক্ষ্য। এর উদ্দেশ্য হলো হরমুজ প্রণালীকে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুনরায় নিরাপদ করে তোলা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইরান এই জলপথটি পুনরায় খুলে দিতে সম্মত হয়েছিল। কিন্তু মার্কিন কর্মকর্তাদের মতে, এই প্রক্রিয়াটি ধীরগতির হওয়ার অন্যতম কারণ হলো তেহরান তাদের পেতে রাখা সমস্ত মাইনের অবস্থান শনাক্ত করতে পারছে না এবং সেগুলো অপসারণের প্রয়োজনীয় সক্ষমতা তাদের নেই। ফলে এই কাজে আমেরিকার সহায়তার প্রয়োজন হচ্ছে।

সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে আরও বলা হয়েছে, 'আগামী দিনগুলোতে' পানির নিচে কাজ করতে সক্ষম ড্রোনসহ আরও মার্কিন সামরিক সরঞ্জাম এই মাইন অপসারণ অভিযানে যুক্ত হবে।

তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি প্রণালীর কাছাকাছি এসেছে বা প্রবেশ করেছে এ দাবি জোরালোভাবে অস্বীকার করেছেন। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এখনো এই জলপথের নিয়ন্ত্রণে রয়েছে। 

ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিন নিউজ এজেন্সিও শনিবার দাবি করেছে, বর্তমানে হরমুজ প্রণালীতে কোনো জাহাজের চলাচল নেই। তেহরান প্রণালী অতিক্রম করতে চাওয়া একটি মার্কিন ডেস্ট্রয়ারকে 'অনুমতি' দিতে অস্বীকার করেছে। অবশ্য একজন মার্কিন কর্মকর্তা দাবিটি প্রত্যাখ্যান করে বলেন, কোনো মার্কিন জাহাজই ইরানি বিরোধিতার কারণে প্রণালী এড়িয়ে চলেনি।

বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ জ্বালানি ও রাসায়নিক পণ্য পরিবহনের এই সংযোগস্থলটি কয়েক সপ্তাহ ধরে কার্যত বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে ইরান বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল এবং এই এলাকায় মাইন পেতেছিল। এর ফলে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ধীর হয়ে গেছে। উল্লেখ্য, বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।


সেন্ট্রাল কমান্ডের এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি মার্কিন দল পাকিস্তানের ইসলামাবাদে ইরানি কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেছেন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক অভিযান বন্ধের একটি স্থায়ী সমাধান নিয়ে সেখানে আলোচনা চলছে।

হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া যুক্তরাষ্ট্রের একটি কেন্দ্রীয় দাবি। ইরান ইতোমধ্যে কিছু বাণিজ্যিক জাহাজকে যাওয়ার অনুমতি দিলেও তাদের কাছ থেকে টোল বা মাশুল আদায়ের চেষ্টা করেছে। ইরানি কর্মকর্তারা এখন জনসমক্ষে জোর দিয়ে বলছেন, যে কোনো শান্তি চুক্তিতে ভবিষ্যতে এই জলপথ থেকে তেহরানের রাজস্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   হরমুজ প্রণালী  মাইন  অপসারণ  অভিযান  মার্কিন ডেস্ট্রয়ার 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: