হাইতির ঐতিহাসিক একটি পর্যটন কেন্দ্রে ইস্টার উৎসবের অনুষ্ঠানে ভয়াবহ পদদলিতের ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় মিলোট শহরের ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ‘লাফেরিয়ার সিটাডেল’- এ গত শনিবার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হাইতির সিভিল প্রোটেকশন বিভাগের প্রধান জঁ অরি পেতিত জানান, ১৯ শতকের এই দুর্গের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বিপুল সংখ্যক দর্শনার্থী সেখানে ভিড় করেছিলেন। মূলত সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারণার ফলে শিক্ষার্থী ও তরুণ পর্যটকদের উপচে পড়া ভিড় তৈরি হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্গের প্রবেশদ্বারের কাছে প্রবল বৃষ্টির সময় হঠাৎ হুড়োহুড়ি শুরু হলে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ের ফিলস-আইমে এক বিবৃতিতে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘একটি পর্যটন অনুষ্ঠানে অংশ নেওয়া অনেক তরুণ এই দুর্ঘটনার শিকার হয়েছেন। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তায় সব ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।’
উল্লেখ্য, ‘সিটাডেল লাফেরিয়ার’ বা ‘সিটাডেল হেনরি’ দুর্গটি হাইতির স্বাধীনতার অন্যতম প্রতীক। ফ্রান্সের হাত থেকে স্বাধীনতা লাভের পর দেশটির সুরক্ষার জন্য বিপ্লবী হেনরি ক্রিস্টোফ এটি নির্মাণ করেছিলেন।
/কহু