হরমুজ প্রণালীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ-অবরোধ আদতে খুব কম সংখ্যক জাহাজের ওপর প্রভাব ফেলবে বলে মনে করছেন ভেসপুচি মেরিটাইমের প্রধান নির্বাহী লার্স জেনসেন। তিনি জানান, বর্তমানে এই জলপথ দিয়ে হাতেগোনা যে কয়েকটি জাহাজ চলাচল করছে, এই পদক্ষেপে কেবল সেগুলোই বাধাগ্রস্ত হবে। রোববার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি নিউজ।
শিপিং বিশেষজ্ঞ লার্স জেনসেন জানান, আমেরিকানরা যদি সত্যিই এই অবরোধ কার্যকর করে, তবে তা অত্যন্ত সামান্য সংখ্যক জাহাজের পথ রুদ্ধ করবে। সামগ্রিক প্রেক্ষাপটে এটি আসলে খুব বড় কোনো পরিবর্তন আনবে না।
ইরানকে টোল বা মাশুল প্রদানকারী জাহাম জগুলোর নিরাপদ চলাচল বন্ধ করে দেওয়ার যে হুমকি ট্রাম্প দিয়েছেন, সে বিষয়ে জেনসেন বলেন, এর প্রভাব হবে নগণ্য। কারণ কোনো কোম্পানি যদি ইরানকে অর্থ প্রদান করে, তবে তারা আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। কারণ প্রথমত, এখন খুব কম জাহাজ এই পথ দিয়ে যাচ্ছে। তার ওপর যারা টোল দিচ্ছে তাদের সংখ্যা আরও কম, আর তারা এমনিতেই নিষেধাজ্ঞার মধ্যে আছে।
বেশিরভাগ শিপিং কোম্পানি এখনই ঝুঁকি না নিয়ে একটি সম্ভাব্য শান্তি চুক্তির জন্য অপেক্ষা করছে উল্লেখ করে তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক হতে এবং পুনরায় জাহাজ চলাচল শুরু হতে দীর্ঘ সময়ের প্রয়োজন। এই জলপথটি পুনরায় কবে নিরাপদ হবে তা নিশ্চিত করে বলা কঠিন। কারণ এটি মূলত ‘বিশ্বাসের’ ওপর নির্ভর করছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো চুক্তি হলে তা কতদিন স্থায়ী হবে, সেই আস্থার জায়গাটি তৈরি হওয়াই এখন বড় চ্যালেঞ্জ।
/কহু