এএফসি বোর্নমাউথের কাছে আর্সেনালের ২-১ গোলের হারের সুযোগ পূর্ণ মাত্রায় কাজে লাগালো ম্যানচেস্টার সিটি। চেলসির বিপক্ষে ৩-০ ব্যবধানের দাপুটে জয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইকে আরও জমিয়ে তুলল পেপ গার্দিওলার শিষ্যরা। এই জয়ের ফলে টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সাথে সিটির ব্যবধান এখন ৬ পয়েন্টে নেমে এসেছে, যদিও সিটির হাতে একটি ম্যাচ বেশি রয়েছে। আগামী সপ্তাহেই এই দুই জায়ান্ট মুখোমুখি হতে যাচ্ছে।
ম্যাচের প্রথমার্ধ ছিল বেশ ম্যাড়মেড়ে। দুই দলই রক্ষণাত্মক ভঙ্গিতে খেলায় খুব বেশি সুযোগ তৈরি হয়নি। চেলসির জমাট রক্ষণ ভাঙতে সিটিকে বেশ বেগ পেতে হয়। প্রথমার্ধে রায়ান চেরকি বক্সের প্রান্ত থেকে গোল করার সুযোগ পেলেও তার দুর্বল শট চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজ অনায়াসেই রুখে দেন।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে ওঠে সিটি। আর্লিং হালান্ডের একটি নিশ্চিত গোল প্রচেষ্টা জোররেল হাতোর দুর্দান্ত ব্লকে পণ্ড হয়। তবে ম্যাচের ডেডলক ভাঙতে খুব বেশি সময় নেয়নি সিটিজেনরা। রায়ান চেরকির নিখুঁত ক্রস থেকে দারুণ এক হেডে গোল করে দলকে ০-১ ব্যবধানে এগিয়ে দেন নিকো ও’রাইলি।
এই হারের ফলে লিগে টানা তিন ম্যাচে হারের তেতো স্বাদ পেল চেলসি। হারের বৃত্তে থাকা ব্লুজরা বর্তমানে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে। অন্যদিকে, শিরোপা ধরে রাখার মিশনে থাকা সিটির সামনে সুযোগ থাকছে আগামী সপ্তাহে আর্সেনালকে হারিয়ে ব্যবধান আরও কমিয়ে আনার।
/কহু