পবিত্র হজ যাত্রাকে আরও সহজ, নিরাপদ, সুশৃঙ্খল এবং নির্বিঘ্ন করতে বাংলাদেশি হজযাত্রীরা এবার প্রথমবারের মতো ‘নুসুক কার্ড’ গ্রহণ করবেন বলে জানা গেছে।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টনের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে (রিক্রিয়েশন হল-৭তলা) এই কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি। বিশেষ অতিথি থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এম ইয়াসের খান চৌধুরী এমপি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন, হজ মনিটরিং কমিটি-২০২৬ এর সদস্য এম ডি শামীম কায়সার লিংকন এমপি।
এছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন, রাওয়াফ মিনার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এহসান কাতেব, হেড অব রাওয়াফ মিনা সার্ভিস সেন্টারের লুয়াই ফয়সাল আবদুল্লাহ খান। এছাড়াও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হাব এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এই উদ্যোগটি লিড এজেন্সি আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, এর সঙ্গে সমন্বয়কারী এজেন্সিসমূহ ও হাব এর সহযোগিতায় এবং রাওয়াফ মিনার সমন্বয়ে বাস্তবায়িত হচ্ছে।
এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন পবিত্র হজ পালন করবেন। আগামী ১৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে।
সময়ের আলো/কেএইচও