চুয়াডাঙ্গার দর্শনা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বারসহ আলমগীর খান (৫৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। উদ্ধার স্বর্ণের বারের ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। যার বাজার মূল্য ২ কোটি ৪৮ লাখ টাকা প্রায়।
সোমবার (১৩ এপ্রিল) সকালে রেলস্টেশনে অভিযান চালিয়ে স্বর্ণের বার উদ্ধার ও পাচারকারীকে আটক করা হয়।
আলমগীর দামুড়হুদা উপজেলার দর্শনা মোবারক পাড়ার বাসিন্দা।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, অবৈধ ভাবে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল দর্শনা রেলস্টেশনে অবস্থান নেয়। এ সময় একজন ব্যক্তি ভারতের দিকে যাওয়ার সময় বিজিবির টহল দল দাঁড়ানোর জন্য সংকেত দেয়। ওই ব্যক্তি দৌড়ে পালানোর সময় বিজিবির টহল দলের সদস্যরা ধাওয়া করে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে কোমরে খাকিস্কাচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুটি পোটলা উদ্ধার করে।
তিনি আরও জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হবে। উদ্ধার স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হবে।
সময়ের আলো/জোই