ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ রক্ষাকারী কৌশলগত এলাকা শিলিগুড়ি করিডোর আবারও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে। নির্বাচনী মঞ্চ থেকে এই গুরুত্বপূর্ণ ভূখণ্ডের নিরাপত্তা ও অখণ্ডতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি।
রোববার (১২ এপ্রিল) শিলিগুড়ির কাউয়াখালী এলাকায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, একটি ‘টুকরো টুকরো গ্যাং’ এই করিডোরকে মূল ভারত থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত। তার দাবি, রাজ্যের ক্ষমতাসীন দল তোষণের রাজনীতির কারণে এসব গোষ্ঠীকে পরোক্ষভাবে প্রশ্রয় দিচ্ছে।
মোদি সরাসরি আঙুল তোলেন মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকারের দিকে। তার বক্তব্য অনুযায়ী, ভোটব্যাংক রাজনীতির স্বার্থে নিরাপত্তা ইস্যুকে অবহেলা করা হচ্ছে। একইসঙ্গে তিনি রাজ্য সরকারের বাজেট বরাদ্দ নিয়েও প্রশ্ন তোলেন- বিশেষ করে উত্তরবঙ্গের উন্নয়নের তুলনায় অন্যান্য খাতে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগ আনেন।
আরও পড়ুন
অন্যদিকে এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন মমতা ব্যানার্জি। পাল্টা বক্তব্যে তিনি বিজেপিকে ‘বাংলা-বিরোধী’ আখ্যা দিয়ে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান। এমনকি কেন্দ্রীয় নেতৃত্বের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এই পাল্টাপাল্টি বক্তব্যে স্পষ্ট, আসন্ন নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন। আগামী ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ধাপে ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, আর ৪ মে জানা যাবে চূড়ান্ত ফলাফল।
এএডি/