বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো ও টেলিযোগাযোগ খাতের ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আন্তর্জাতিক টেলিকম জায়ান্ট টেলিনর গ্রুপের শীর্ষ নির্বাহীর মধ্যে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্টে শিলব্রেড ফাসমার।
সরকারি সূত্রে জানা গেছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সকাল ৯টা ২০ মিনিটে সচিবালয়ে পৌঁছান তারেক রহমান। এরপর ৯টা ৩০ মিনিটে টেলিনর প্রধান নির্বাহীর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়।
আরও পড়ুন
বৈঠকে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের বর্তমান অগ্রগতি, ডিজিটাল সংযোগ সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর অবকাঠামো গড়ে তোলার বিষয়গুলো গুরুত্ব পায়। টেলিনর গ্রুপের পক্ষ থেকে দেশটিতে তাদের চলমান বিনিয়োগ কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয় বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক টেলিকম খাতে গুরুত্বপূর্ণ অবস্থান থাকা টেলিনরের সঙ্গে এই ধরনের উচ্চপর্যায়ের আলোচনা বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিকে আরও এগিয়ে নিতে সহায়ক হতে পারে।
এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিশেষ করে ডিজিটাল অবকাঠামো উন্নয়ন ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের দিকটি এই বৈঠকের কেন্দ্রীয় আলোচ্য বিষয় ছিল বলে জানা যায়।
এএডি/