জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. জি কে গউছ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। একটি শ্যামল, সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গঠনের জন্য সরকার বদ্ধ পরিকর। দেশের নাগরিক হিসেবে সবার দ্বায়িত্ববোধ আছে। তাই এই উদ্যোগকে সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
সোমবার (১৩ এপ্রিল) পৌরসভা কর্তৃক আয়োজিত হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের জলাশয় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মো. জি কে গউছ বলেন, নাগরিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা অত্যন্ত জরুরি। মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করতে হবে।
তিনি পৌরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, সবাইকে নিজ নিজ বাসা-বাড়ির আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি জলাবদ্ধতা দূর করতে সচেতন হতে হবে।
পৌর প্রশাসক মো. ময়নুল হকের সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরীর পরিচালনায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা বিদ্যালয় প্রাঙ্গণ ও সংলগ্ন জলাশয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন এবং মশা নিধনে ওষুধ ছেটান।
পৌরসভা সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে এ সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হবে।
সময়ের আলো/জোই