আইপিএলের মাঝপথে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নতুন বিতর্কে জড়িয়েছে রাজস্থান রয়্যালস। দলের টিম ম্যানেজার রমি ভিন্দরের বিরুদ্ধে অভিযোগ উঠতেই তদন্তে নেমেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড।
ঘটনার সূত্রপাত গত শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-র বিপক্ষে ম্যাচে। খেলার সময় ডাগআউটে বসে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায় ভিন্দরকে, যা আইপিএলের দুর্নীতিবিরোধী প্রটোকলের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করা হচ্ছে। এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা তৈরি হয়।
এরপরই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে বিসিসিআই। তাদের দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিট ইতোমধ্যে ভিন্দরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে তাকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে- কেন ম্যাচ চলাকালে তিনি ফোন ব্যবহার করেছিলেন।
আরও পড়ুন
আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছেন, পুরো ঘটনাটি তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট ইউনিটকে।
তবে ভিন্দরের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, তিনি স্বাস্থ্যগত কারণে ফোন ব্যবহার করছিলেন। অতীতে গুরুতর শারীরিক সমস্যার মধ্য দিয়ে যাওয়ার কারণে বিশেষ অনুমতিও পেয়েছিলেন বলে দাবি করা হচ্ছে। যদিও নিয়ম অনুযায়ী ফোন সঙ্গে রাখা গেলেও ম্যাচ চলাকালে তা ব্যবহার করা নিষিদ্ধ।
সূত্র বলছে, তিনি কোনো কল করেননি বা গ্রহণও করেননি; বরং কেবল স্ক্রিন দেখছিলেন। এখন তদন্তে তার এই ব্যাখ্যা কতটা গ্রহণযোগ্য হয়, সেটিই দেখার বিষয়।
এএডি/