বৈষম্যবিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রাব্বী হত্যা মামলায় নতুন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে পুলিশের করা শ্যোন অ্যারেস্ট আবেদন মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে আইভীর বিরুদ্ধে মামলার সংখ্যা ১২ তে দাঁড়াল।
রোববার (১২ এপ্রিল) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সেলিনা খাতুনের আদালত সিদ্ধিরগঞ্জের রাব্বি হত্যা মামলায় শুনানী শেষে আবেদন মঞ্জুর করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আবদুস সামাদ।
তিনি জানান, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর নিহতের বড় ভাই জামালপুর জেলার অন্তর মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন। এ মামলার এজাহারে তার নাম নেই। তদন্তে আসামীর নাম উঠে এসেছে।
এ মামলায় শামীম ওসমান, আজমেরী ওসমান ও অয়ন ওসমানসহ ৬৯ জনের নাম উল্লেখ রয়েছে। অজ্ঞাত আসামী করা হয়েছে ১৫০ থেকে ২০০ জনকে।
এরআগে সবশেষ গত ২ মার্চ সিদ্ধিরগঞ্জে ইন্টিরিয়র মিস্ত্রী সেলিম মণ্ডল হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আইভীর জামিন নামঞ্জুর হয়। ওই মামলায় গত ২৬ ফেব্রুয়ারি আদালতের মাধ্যমে আইভীকে গ্রেফতার দেখায় পুলিশ।
এ নিয়ে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে জেলার বিভিন্ন থানায় দায়ের করা মোট ১২টি মামলায় আইভীকে আসামি করা হয়েছে। তবে ১০টি মামলায় এরই মধ্যে উচ্চ আদালত থেকে তিনি জামিন পেয়েছেন। তবে এরই মধ্যে ৫টি চেম্বার আদালতে স্থগিতাদেশ রয়েছে। যা এখনও শুনানির অপেক্ষায় রয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে ভোর রাতে শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবন চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এর পর থেকে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।
/কহু