চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একটি ভাড়া বাসা থেকে শিব্বির আহমেদ হাসান (৩৪) নামে এক মাদরাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) সকাল সকালে উপজেলার আলুরঘাট রোডের টিএনটি অফিস সংলগ্ন নিশান প্লাজার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শিব্বির আহমেদ হবিগঞ্জের কদুপাড়া এলাকার ছালেহ আহমদের ছেলে। তিনি ওই ভবনে পরিচালিত প্রাইভেট মাদ্রাসা তালিমুল কুরআন ওয়াসসুন্নাহর শিক্ষক।
নিহতের দ্বিতীয় স্ত্রী শিরিন আক্তার বলেন, তার স্বামী মাদরাসার হিসাব-নিকাশের দায়িত্বে ছিলেন। গত রাতে মাদরাসা কমিটির সদস্যরা তার স্বামীর কাছে টাকার হিসাব চান। তার স্বামী কিছু টাকা ব্যক্তিগত কাজে খরচ করে ফেলেন। টাকা ফেরত দেওয়ার জন্য তিনি সময় চাইলে মাদ্রাসা কমিটির সদস্যরা তাকে ও তার স্বামীকে বাসায় রেখে বাইরে থেকে তালা দিয়ে চলে যান।
তিনি আরও বলেন, রাত ২টার দিকে তারা অবস্থায় ঘুমিয়ে পড়েন। সকালে স্বামীকে বিছানায় না দেখে অন্য কক্ষে খোঁজ নিতে যান। সেখানে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় শিব্বির আহমেদকে দেখতে পান।
মাদ্রাসা পরিচালক মহিউদ্দিন বলেন, শিব্বির আহমেদ মাদরাসার প্রায় ৭১ হাজার টাকা খরচ করে ফেলেন। তিনি ভিকটিম অনলাইন জুয়া আসক্ত ছিলেন। মাদরাসার পরিচালকরা গত রাতে তাকে টাকা ফেরত দেওয়ার জন্য বলেন।
তিনি আরও বলেন, দুই স্ত্রীর বিষয়ে ওই দিনই শিব্বির আহমেদের পরিবারে মধ্যে জানাজানি হয়। সকালে তার স্ত্রী আমাদের ফোনে তার স্বামীর আত্মহত্যার কথা বলেন।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে, ভিক্টিম আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফআর