শিক্ষা প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একাধিক প্রজ্ঞাপনে বিভিন্ন কলেজ, শিক্ষা বোর্ড ও অধিদপ্তরের কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হয়েছে। এসব প্রজ্ঞাপনে একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে এবং কয়েকজনকে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয়েছে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) ভারপ্রাপ্ত মহাপরিচালক (কলেজ ও প্রশাসন) হিসেবে কর্মরত বি. এম. আব্দুল হান্নানকে ওএসডি করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা হলো মাউশি । কিন্তু দীর্ঘদিন ধরে কার্যত নেতৃত্বহীন অবস্থায় চলছে। মাউশিতে ছয় মাস ধরে নিয়মিত মহাপরিচালক (ডিজি) নেই। এর মধ্যে এত দিন যিনি মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন, তাকেও সরিয়ে দেওয়ার আদেশ হয়েছে। ফলে প্রশাসনিক কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণে গতি আসছে না। ফলে মাউশির ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্বে থাকা আব্দুল হান্নানকে ওএসডি করে সরকারি তিতুমীর কলেজে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ফরিদপুরের সরকারি আইন উদ্দিন কলেজের অধ্যক্ষ মো. নাজমুল হক।
অন্যদিকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) ২০২৫ সালের মার্চ থেকে প্রায় এক বছর ধরে নিয়মিত চেয়ারম্যান নেই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী অধ্যাপক রবিউল কবীর চৌধুরী গত বছরের ৬ নভেম্বর অবসর-উত্তর ছুটিতে গেলে শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে চেয়ারম্যান করা হয়েছিল।
কর্মকর্তারা বলছেন, এনসিটিবিতে দুর্নীতিবাজ কর্মকর্তাদের সরানোর শুদ্ধি অভিযানের অংশ হিসেবে আলোচিত সদস্য ড. রিয়াদ চৌধুরীকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে কুমিল্লা সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে। ১৪তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তার বিরুদ্ধে বই ছাপার সিন্ডিকেট করে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার গুরুতর অভিযোগ ছিল। তার স্থলে নতুন সদস্য (পাঠ্যপুস্তক) হিসেবে নিয়োগ পেয়েছেন এনসিটিবির উৎপাদন নিয়ন্ত্রক অধ্যাপক আবু নাসের টুকু। দুই বছর ধরে প্রাথমিকের মানসম্মত পাঠ্যবই সময়মতো ছাপিয়ে দক্ষতার পরিচয় দেওয়ায় তাকে পদায়ন করা হয়েছে এই গুরুত্বপূর্ণ পদে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন, যিনি ওএসডি হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে কর্মরত ছিলেন (ইনসিটু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ), তাকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রামের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব ড. এ. কে. এম. সামছু উদ্দিন আজাদকে চট্টগ্রাম সরকারি কলেজে অধ্যাপক (রসায়ন) হিসেবে বদলি করা হয়েছে। সহকারী অধ্যাপক আবু মুসা মো. তারেককে সিলেট সরকারি আলিয়া মাদরাসা থেকে সিলেট শিক্ষাবোর্ডে বিদ্যালয় পরিদর্শক পদে পদায়ন করা হয়েছে।
এছাড়া সহযোগী অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলামকে সিলেট শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শকের দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি করে বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জে সংযুক্ত করা হয়েছে। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যাপক মো. আনোয়ার হোসেনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) পদে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে ফরিদপুরের মধুখালীর সরকারি আইনউদ্দিন কলেজের অধ্যাপক মো. নাজমুল হককে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) হিসেবে পদায়ন করা হয়েছে। এনটিআরসিএতে উপপরিচালক হিসেবে দায়িত্বে থাকা অধ্যাপক দীনা পারভিনকে ওএসডি করে মাউশি অধিদফতরের সংযুক্ত করা হয়েছে (পিআরএল সুবিধার্থে)।
অন্য প্রজ্ঞাপনে দেখা যায়, অধ্যাপক মো. জাফর আহম্মদকে ওএসডি রেখে সরকারি তিতুমীর কলেজে সংযুক্ত করা হয়েছে। সহযোগী অধ্যাপক মোসাম্মৎ কামরুন নাহারকে হাজারীবাগ সরকারি কলেজ থেকে ঢাকা কলেজে বদলি করা হয়েছে। মাদারীপুর সরকারি কলেজের অধ্যাপক গৌর কুমার চৌধুরীকে খুলনার সরকারি ব্রজলাল কলেজে স্থানান্তর করা হয়েছে। গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মরত সহযোগী অধ্যাপক মোছা. আয়শা সিদ্দিকা মৌসুমীকে ওএসডি করে ঢাকা উদ্যান সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে। একইভাবে অধ্যাপক আবু মোহাম্মদ রেজাউল হাসানকে ওএসডি রেখে সবুজবাগ সরকারি মহাবিদ্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
আরেকটি প্রজ্ঞাপনে অধ্যাপক মো. বোরহান উদ্দীনকে দিনাজপুর শিক্ষাবোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে পদায়ন করা হয়েছে। টাঙ্গাইলের সা’দত সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শামীম আল মামুনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ) করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য (প্রেষণ) ড. রিয়াদ চৌধুরীকে ওএসডি করে কুমিল্লা সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে। অধ্যাপক মো. কামরুজ্জামানকে ওএসডি রেখে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে সংযুক্ত করা হয়েছে। সোনাগাজী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক খন্দকার জাহিদুল হককে কবি নজরুল সরকারি কলেজ, ঢাকায় বদলি করা হয়েছে। একইভাবে অধ্যাপক রাবেয়া মোমেনকে ওএসডি রেখে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ১৫ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে একই দিনের অপরাহ্ণে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে। কর্মকর্তাদের নিজ নিজ পিডিএস-এ লগইন করে অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
/কহু