চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডে সাহসিকতার সঙ্গে ডাকাতির চেষ্টা রুখে দিয়েছে কারখানার নিরাপত্তারক্ষীরা।
সোমবার (১৩ এপ্রিল) ভোরে উপজেলার সোনাইছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে হাতেনাতে আটক করা হয়।
কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোররাতে ২৫-৩০ জনের একটি সুসংগঠিত সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কারখানায় হানা দেয়। তারা কারখানার নিরাপত্তারক্ষীদের জিম্মি করে তামা, পিতল, মোটর এবং দামি বৈদ্যুতিক ক্যাবলসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে পালানোর চেষ্টা চালায়।
তবে দায়িত্বরত নিরাপত্তারক্ষীরা বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় আত্মরক্ষার্থে নিরাপত্তারক্ষীরা গুলি ছুড়লে ডাকাত দল ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া করে ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করতে সক্ষম হন নিরাপত্তারক্ষীরা।
আটককৃতরা হলেন, সোনাইছড়ি শীতলপুর বাইল্লা কলোনির মো. সিরাজের ছেলে মো. জাবেদ (২৭), বারআউলিয়া ফ্যামিলি কলোনির আবুল কালামের ছেলে মো. শরিফুর রহমান (২৮) এবং নোয়াখালীর বেগমগঞ্জ থানার বাসিন্দা মো. রাসেল (২৯)।
কারখানার ইনচার্জ ও এইচআর (এডমিন) মো. ইমরুল কাদের ভুঁইয়া জানান, আটককৃতদের কাছ থেকে বেশ কিছু কাটা বৈদ্যুতিক তার, দেশীয় কিরিচ এবং রামদা উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, এ ঘটনায় কারখানার শিফট ইনচার্জ মো. আলী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে এবং চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এফআর