পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের ‘উসকানিমূলক’ কর্মকাণ্ড বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সোমবার (১৩ এপ্রিল) রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক ফোনালাপে তিনি এ সতর্কবার্তা দেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফোনালাপকালে দুই নেতা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার পরবর্তী প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আরাঘচি অভিযোগ করেন, এই অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়িয়ে তুলছে, যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় ঝুঁকি।
অন্যদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সের্গেই লাভরভ ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। মস্কো দৃঢ়ভাবে বিশ্বাস করে, এই যুদ্ধবিরতির সুফল লেবাননের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত।
রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানের ওপর ‘আমেরিকান-ইসরায়েলি যে উস্কানি ও আগ্রাসন’ চালানো হয়েছে, তার প্রভাব কাটিয়ে উঠতে এবং যথাযথ সমাধান খুঁজে পেতে রাশিয়া তেহরানকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় দুই দেশ আগামীতে আরও নিবিড়ভাবে কাজ করবে বলেও ফোনালাপে ঐকমত্য পোষণ করা হয়।
/কহু