বৈশাখী শোভাযাত্রায় ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পুরনো গ্লানি মুছে নতুনের আহ্বানে রাজধানীতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা

2026-04-14T11:07:52+00:00
2026-04-14T11:07:52+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
বৈশাখী শোভাযাত্রায় ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১১:০৭ এএম 
সংগৃহীত ছবি
পুরনো গ্লানি মুছে নতুনের আহ্বানে রাজধানীতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে এসে বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি শেষ হয়। এবারের আয়োজনে আবহমান বাংলার ঐতিহ্যের পাশাপাশি বিশ্বরাজনীতি ও সমসাময়িক মানবিক সংকটের প্রতিফলন ছিল চোখে পড়ার মতো।

শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষের হাতে থাকা প্ল্যাকার্ডে এবার উঠে এসেছে ফিলিস্তিন ইস্যু। চারুকলা ও টিএসসি এলাকা ঘুরে দেখা গেছে, ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা প্ল্যাকার্ডগুলো সবার বিশেষ নজর কেড়েছে। উৎসবের আনন্দকে কেবল ব্যক্তিগত বা জাতীয় গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে বৈশ্বিক নিপীড়নের বিরুদ্ধে সংহতি প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা।

শোভাযাত্রার প্রতীকী শিল্পকর্মে দেশীয় ও আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ের প্রতিফলন ঘটে। মিছিলে অংশ নেওয়া সাধারণ মানুষের হাতে ছিল— ‘বাঁচাও সুন্দরবন’, ‘ইরানে মার্কিন যুদ্ধ বন্ধ করো’, ‘গণহত্যাকারীদের রাজনীতি প্রত্যাখ্যান করো’, ‘ফসলের লাভজনক মূল্য দাও’, ‘শিক্ষা বাণিজ্য বন্ধ কর’ এবং ‘মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করো’-র মতো সাহসী সব স্লোগান।

ঢোল, বাঁশি আর তালের বাদ্যে পুরো এলাকা হয়ে ওঠে প্রাণবন্ত। লোকজ মোটিফ, বড় আকৃতির মুখোশ আর রঙের কারুকার্যে ফুটিয়ে তোলা হয় গ্রাম-বাংলার শাশ্বত রূপ। সংগীত আর রঙের এই অভূতপূর্ব মেলবন্ধন নববর্ষের আবহে যোগ করেছে এক ভিন্ন মাত্রা।

নববর্ষ উদযাপন উপলক্ষ্যে চারুকলা অনুষদে নেওয়া হয়েছে বিশেষ সাংস্কৃতিক কর্মসূচি। এর আগে চৈত্র সংক্রান্তির দিন বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত চারুকলার বকুলতলায় ছিল লোকসংগীত ও নৃত্যের আসর। উৎসবের রেশ ধরে রাখতে আগামী ১৫ ও ১৬ এপ্রিল মঞ্চস্থ হবে লোকনাট্য ‘বাগদত্তা’ ও ‘দেবী সুলতানা’ শীর্ষক দুটি বিশেষ যাত্রাপালা।


/কহু

  বিষয়:   বৈশাখ  শোভাযাত্রা  প্যালেস্টাইন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: