কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ‘পীর’ আব্দুর রহমান ওরফে শামীম রেজা হত্যার ঘটনার মামলা হয়েছে। এতে মুল অভিযুক্ত যুবক রাজিবকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত ১৮০ জন থেকে ২০০ জনকে আসামি করা হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান।
এর আগে, গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় নিহতের বড়ভাই ফজলুর রহমান সান্টু বাদী হয়ে দৌলতপুর থানায় এ হত্যা মামলা করেন ।
মামলার প্রধান আসামি দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকার গাজী মিস্ত্রীর ছেলে রাজিব (৩২) জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। মামলার আরও তিন আসামি একই দলের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
ওসি মো. আরিফুর রহমান জানান, চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৮০ জন থেকে ২০০ জনের নামে এ হত্যা মামলা করা হয়েছে। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তবে আমাদের অভিযান চলমান রয়েছে।
প্রসঙ্গত, পবিত্র কোরআন অবমাননার অভিযোগ এনে গত শনিবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ফিলিপনগর এলাকার শতাধিক উচ্ছৃঙ্খল জনতা ‘পীর’ শামীমের বিরুদ্ধে স্লোগান দিয়ে তার দরবারে হামলা চালায়। এসময় তারা শামীমকে তার কক্ষ থেকে টেনে হেঁচড়ে বের করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে এবং দোতলা থেকে নীচে ছুড়ে ফেলে দেয়।
পরে হামলাকারীরা সংঘবদ্ধভাবে আস্তানায় আগুন জ্বালিয়ে লুটপাট ও ভাঙচুর চালায়।
এফআর