ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আচরণে ‘স্তম্ভিত’ হওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, ইতালির প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে তাকে সাহায্য করতে চান না এবং আগের মতো অবস্থানে নেই।
স্থানীয় সময় মঙ্গলবার (১৪ এপ্রিল) ইতালির সংবাদমাধ্যম কোরিয়েরে দেল্লা সেরা’কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।
পোপকে নিয়ে ট্রাম্পের করা মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করার পর মেলোনিকে নিয়ে এমন প্রতিক্রিয়া জানান তিনি।
এর আগে এক বিবৃতিতে মেলোনি বলেন, পোপ সম্পর্কে ট্রাম্পের মন্তব্য গ্রহণযোগ্য নয়। তিনি জোর দিয়ে বলেন, পোপ লিও ক্যাথলিক চার্চের প্রধান এবং তিনি শান্তির আহ্বান জানাবেন ও সব ধরনের যুদ্ধের নিন্দা করবেন এটাই স্বাভাবিক ও সঠিক।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প পোপের সমালোচনা করে বলেন, তারা এমন কোনো পোপকে পছন্দ করেন না, যিনি পারমাণবিক অস্ত্র থাকা সত্ত্বেও তা গ্রহণযোগ্য বলে মনে করেন।
তিনি আরও বলেন, পোপ এমন একজন ব্যক্তি, যিনি চান যুক্তরাষ্ট্র এমন দেশগুলোর ব্যাপারে নরম থাকুক, যারা পারমাণবিক অস্ত্র তৈরি করে বিশ্বকে ধ্বংসের ঝুঁকিতে ফেলছে।
ইতালির প্রধানমন্ত্রী সম্পর্কে ট্রাম্প বলেন, তিনি ‘অনেক দিন’ মেলোনির সঙ্গে কথা বলেননি। তার অভিযোগ, মেলোনি ন্যাটোতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে চান না এবং পারমাণবিক অস্ত্র থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রেও সহযোগিতা করছেন না।
তিনি বলেন, ‘আমি যা ভেবেছিলাম, বিষয়টা তার থেকে একেবারেই ভিন্ন’
ট্রাম্প আরও বলেন, ‘মেলোনি আর আগের মতো নেই এবং ইতালিও আগের মতো দেশ থাকবে না।’
তিনি যোগ করেন, ‘আমি এটা কল্পনাও করতে পারি না। আমি তার আচরণে স্তম্ভিত। আমি ভেবেছিলাম তার সাহস আছে, আমি ভুল ছিলাম।’
মেলোনির ‘অগ্রহণযোগ্য’ মন্তব্যের জবাবে ট্রাম্প বলেন, ‘তিনিই বরং অগ্রহণযোগ্য। কারণ, ইরান পারমাণবিক অস্ত্র পেল কি না, তাতে তার কিছু যায় আসে না।’
তিনি আরও বলেন, ‘সুযোগ পেলে তারা (ইরান) দুই মিনিটে ইতালিকে উড়িয়ে দেবে।