১৫ এপ্রিল আবারও শোকের স্মৃতি বয়ে আনল লিভারপুলের জন্য। প্রায় চার দশক আগে হিলসবোরো স্টেডিয়ামে পদদলিত হয়ে প্রাণ হারান ক্লাবটির ৯৭ সমর্থক। সেই ট্র্যাজেডির স্মরণে প্রতি বছরই দিনটি গভীর শোকের সঙ্গে পালন করে ‘অলরেড’ সমর্থকরা।
এবারের এই শোকের দিনে তাদের দুঃখ আরও বাড়িয়ে দিয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়। প্যারিস সেন্ট জার্মেইনের কাছে ২-০ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় লিভারপুল।
অ্যানফিল্ডে অনুষ্ঠিত দ্বিতীয় লেগের ম্যাচে পিএসজির হয়ে দুটি গোলই করেন উসমান দেম্বেলে। এর আগে প্রথম লেগেও একই ব্যবধানে জয় পেয়েছিল পিএসজি। ফলে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে জায়গা করে নেয় ফরাসি ক্লাবটি।
হিলসবোরো ট্র্যাজেডির ৩৭তম বার্ষিকীর আগের দিন এমন পরাজয় লিভারপুল সমর্থকদের জন্য দিনটিকে আরও বিষাদময় করে তুলেছে।