জ্বালানি তেলের যে পরিমাণ মজুত রয়েছে, আগামী দুই মাস কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী। বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
উদ্ধার অভিযান এবং জ্বালানি তেলের বর্তমান মজুত পরিস্থিতির বিস্তারিত তুলে ধরে যুগ্ম-সচিব মনির বলেন, গত ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে মোট ৯ হাজার ১১৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৩ হাজার ৫১০টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় মোট ১ কোটি ৫৬ লাখ ৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। কারাদণ্ড দেওয়া হয়েছে ৪৫ জনকে।
অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মজুদকৃত জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, উদ্ধার করা জ্বালানির মধ্যে রয়েছে ডিজেল ৩ লাখ ৬৬ হাজার লিটার, অকটেন ৩৯ হাজার ৭৭৬ লিটার ও পেট্রোল ৮৭ হাজার ৯৫৯ লিটার। এছাড়া, চট্টগ্রাম থেকে ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল উদ্ধার করা হয়েছে। সবমিলিয়ে মোট ৫ লাখ ৪২ হাজার ২৩৬ লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
বর্তমান মজুত পরিস্থিতি তুলে ধরে মনির হোসেন চৌধুরী বলেন, দেশে বর্তমানে ডিজেল মজুত রয়েছে ১ লাখ ১ হাজার ৩৮৫ টন, অকটেন ৩১ হাজার ৮২১ টন, পেট্রোল ১৮ হাজার ২১১ টন এবং ফার্নেস অয়েল ৭৭ হাজার ৫৪৬ টন। এছাড়া, জেট ফুয়েল মজুত রয়েছে ১৮ হাজার ২২৩ টন।
/কহু