দ্রুতই প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

দেশের প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক ‘মাল্টিপারপাস পরীক্ষাকেন্দ্র’ নির্মাণ করবে সরকার বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন

2026-04-15T19:26:27+00:00
2026-04-15T19:26:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
উপজেলায় হবে মাল্টিপারপাস পরীক্ষাকেন্দ্র
দ্রুতই প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৭:২৬ পিএম 
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত
দেশের প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক ‘মাল্টিপারপাস পরীক্ষাকেন্দ্র’ নির্মাণ করবে সরকার বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পাবলিক পরীক্ষার কারণে সাধারণ পাঠদান যাতে ব্যাহত না হয়, সে জন্য এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে সিলেট অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিদ্যমান পরীক্ষাপদ্ধতির কারণে শিক্ষার্থীদের জীবন থেকে মূল্যবান দুটি বছর ঝরে যাচ্ছে, যা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জনে বড় বাধা। তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।

আ ন ম এহছানুল হক মিলন বলেন, সরকার শুধু অবকাঠামো উন্নয়ন নয়, শিক্ষার গুণগত মান ও সংস্কারেও গুরুত্ব দিচ্ছে। প্রতিটি শ্রেণিকক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যাতে পাঠদানের মান নিশ্চিত করা যায়। তিনি সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার স্কুলের সিসি ক্যামেরার কোড নিয়ে স্মার্টফোনের মাধ্যমে তদারক করার আহ্বান জানান।

শিক্ষকসংকট ও নিয়োগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রাথমিকের ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক পদের মামলা জটিলতা নিরসনের চেষ্টা চলছে। খুব দ্রুত প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৬০ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। এছাড়া অবসরপ্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের নিয়ে একটি ‘পুল’ গঠন করা হচ্ছে। শিক্ষকসংকট থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তাদের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজে লাগানো হবে।


নকলের বর্তমান ধরন সম্পর্কে সতর্ক করে শিক্ষামন্ত্রী বলেন, এখন আর আগের মতো সনাতন পদ্ধতিতে নকল হয় না; এখন ডিজিটাল নকলের নতুন ধরন এসেছে। শিক্ষক যদি ক্লাসে না পড়ান, তবেই শিক্ষার্থীরা নকলের আশ্রয় নেয়। তাই মানসম্মত শিক্ষার মাধ্যমেই এ ব্যাধি দূর করতে হবে। এ সময় তিনি পরীক্ষার খাতা মূল্যায়নে শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

মন্ত্রী আরও জানান, সিলেট-ঢাকা মহাসড়ক প্রশস্তকরণে ক্ষতিগ্রস্ত ১৮টি প্রাথমিক বিদ্যালয়কে অগ্রাধিকারভিত্তিতে পুনর্নির্মাণ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি কারিগরি শিক্ষা ও নৈতিক শিক্ষার প্রসারে সরকার কাজ করছে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, দক্ষ জনশক্তি তৈরি করা গেলে বিদেশে কর্মসংস্থান আরও বাড়বে। তিনি সিলেট অঞ্চলের শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নুরুল হক, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন।

এ ছাড়া অনুষ্ঠানে সিলেট অঞ্চলের কেন্দ্রসচিবসহ শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

আরবিএন


  বিষয়:   মাল্টিপারপাস  পরীক্ষাকেন্দ্র  শিক্ষা  প্রাথমিক  গণশিক্ষামন্ত্রী  এহছানুল  মিলন 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: