কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী দ্বীপ থেকে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী টেকনাফের শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, শাহপরী দ্বীপের জালিয়াপাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে মো. সিদ্দিক (৪০) এবং একই এলাকার বাডু মিয়ার ছেলে মো. ইসমাইল (২৬)।
তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আরবিএন