চব্বিশের জুলাই-আগস্টের ঘটনাকে ‘বিপ্লব’ হিসেবে সঠিক বা বেঠিক বলা আদালতের পক্ষে সম্ভব কি না এ প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির।
বুধবার (১৫ এপ্রিল) রাজধানীতে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
শিশির মনির প্রশ্ন রেখে বলেন, বিএনপি এখন আদালতের দোহাই দিচ্ছে। কিন্তু ‘বিপ্লব সঠিক না এ ধরনের মন্তব্য কি আদালত করতে পারেন?
তিনি আরও বলেন, একটি প্রস্তাব ছিল গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে, যা ১৮০ দিনের মধ্যে সংস্কার সম্পন্ন করে স্বয়ংক্রিয়ভাবে আইনে পরিণত হবে এবং আদালতে প্রশ্নের বাইরে থাকবে। কিন্তু ভিন্ন পথে যাওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
শিশির মনির অভিযোগ করে বলেন, বিএনপি সংবিধানের পঞ্চম সংশোধনীর পথে এগোচ্ছে এবং অতীতের রাজনৈতিক ঘটনাপ্রবাহ অনুকরণ করছে। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ না করে রাজনৈতিকভাবে পরিস্থিতি জটিল করা হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি সংবিধানের চতুর্থ তফসিলে একটি অংশ যুক্ত করে একটি নির্দিষ্ট সময়ের জন্য ইনডেমনিটি দেওয়ার চেষ্টা করছে।
আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, বিএনপি অতীতে দুইবার দেশকে সংকটে ফেলেছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে তিনি সমালোচনা করেন এবং সরকারের বিভিন্ন বাজেট পরিকল্পনা নিয়েও প্রশ্ন তোলেন।
তিনি বলেন, বাজেট বাড়ানোর কথা বলা হলেও অর্থ কোথা থেকে আসবে তা স্পষ্ট নয়। জনগণ এখন রাস্তায় না নামলেও ভবিষ্যতে পরিস্থিতি বদলাতে পারে বলেও সতর্ক করেন তিনি।
এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়েও সমালোচনা করেন সারোয়ার তুষার। তিনি বলেন, বিসিবিতে আপনারা যে কাণ্ড করেছেন, তা অগ্রহণযোগ্য। নেপোকিডদের জন্য এটা এখন বাপের দোয়া প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জেন আলফা দেখলো- বিএনপি সামান্য বিসিবিকে ছাড়তে চায় না।
ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেন, বিএনপি জনগণের সঙ্গে ধোকাবাজি করে আরেকটি গণ-আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করছে৷ পল্টনে হামলা হয়েছে বাসসের ওপর, কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহর ওপর মব হয়েছে। কুষ্টিয়ায় মব হয়েছে অথচ সরকার বলছে মবের সংস্কৃতি ধ্বংস হয়েছে।