হাসনাতে তোলপাড় চট্টগ্রাম

সাইফুদ্দিন তুহিন, চট্টগ্রাম

সারাদেশ

চট্টগ্রামে এনসিপি নেতা সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সাবেক মেয়র এম মনজুর আলমের সঙ্গে দেখা করার ঘটনায় চলছে তোলপাড়। এনসিপি দাবি

2026-04-16T02:17:34+00:00
2026-04-16T02:17:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
হাসনাতে তোলপাড় চট্টগ্রাম
সাইফুদ্দিন তুহিন, চট্টগ্রাম
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ২:১৭ এএম 
হাসনাত আবদুল্লাহ ও এম. মনজুর আলম। সংগৃহীত ছবি
চট্টগ্রামে এনসিপি নেতা সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সাবেক মেয়র এম মনজুর আলমের সঙ্গে দেখা করার ঘটনায় চলছে তোলপাড়। এনসিপি দাবি করেছে বৈঠকটি ছিল ব্যক্তিগত। সংগঠনের পক্ষ থেকে হেনস্থার বিচার এবং দোষীদের শাস্তি দাবি করা হয়েছে। অন্যদিকে বিএনপি বলছে হাসনাত আবদুল্লাহ ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করছেন। তাদের নীতি-নৈতিকতা নিয়ে আছে প্রশ্ন। হাসনাতের সাক্ষাতের পর আগামী চসিক নির্বাচনে ভোটের হিসাব চলছে নানামুখী আলোচনা। 

নির্বাচনের আগেই চসিক নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা নিয়ে বেড়েছে গুঞ্জন। কোন দল কাকে প্রার্থী নির্বাচন করে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বারবার আলোচনায় আসছে সাবেক মেয়র এম মনজুর আলমের নাম। তাকে এনসিপি থেকে প্রার্থী করার কথাও জোরালোভাবে আলোচনা হচ্ছে। তবে এনসিপি এবং মনজুর আলমের পক্ষ থেকে বিষয়টি স্বীকার করা হচ্ছে না।

অভিযোগ আছে এম মনজুর আলম রাজনীতিতে ডিগবাজি দেন। তিনি বিএনপির প্রার্থী হয়ে একবার মেয়র নির্বাচিত হয়েছিলেন। এ সময় তিনি চট্টগ্রাম নগর বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নেন। ছিলেন রাজপথে মিছিল-মিটিংয়েও। পরবর্তী দফা চসিক নির্বাচনে বিএনপির প্রার্থী হলেও জয় পাননি। এরপর রাজনীতি থেকে ঘোষণা দিয়ে দূরে অবস্থান নেন। ৫ আগস্টের আগ পর্যন্ত দলের কোনো কর্মসূচিতে দেখা যায়নি। 

মনজুর আলমের বাসার সামনে যা যা হলো : পূর্ব ঘোষণা ছাড়াই মঙ্গলবার হঠাৎ চট্টগ্রামে আসেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। বিকালে চট্টগ্রামের সাবেক সিটি মেয়র এম মনজুর আলমের নগরের আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকার ‘এইচ এম ভিলা’ বাসভবনে যান। বাসায় গিয়ে তিনি কথা বলেন মনজুর আলমের সঙ্গে। সেখানে বৈঠকের সময়ই বাইরে জড়ো হন তরুণরা। অনেকের সঙ্গে স্থানীয় ছাত্রদল নেতারা জড়ো হন বাসার সামনে। বৈঠক থেকে বাইরে বেরিয়ে তোপের মুখে পড়েন হাসনাত আবদুল্লাহ। তাদের প্রশ্নবানে জর্জরিত হন তিনি। এক পর্যায়ে তিনি বাসা থেকে বের হয়ে যান। হাসনাতের সঙ্গে ঘটে যাওয়া পুরো ঘটনার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে ফেসবুকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এক যুবক সরাসরি হাসনাত আবদুল্লাহর কাছে ওই বাসায় যাওয়ার কারণ জানতে চান। একজন হাসনাত আবদুল্লাহকে প্রশ্ন করেন, ‘আওয়ামী লীগের দোসরের বাসায় আপনার কাজ কী? আপনি একজন জুলাই যোদ্ধা। সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলছেন। তা হলে আওয়ামী লীগের দোসরের বাসায় কেন?

এ সময় হাসনাত আবদুল্লাহকে হাত নাড়িয়ে তাদের শান্ত করতে দেখা যায়। পরে একজন এসে বিক্ষুব্ধদের সবাইকে সরে যেতে বলেন। পরিস্থিতি উত্তপ্ত হলে নিরাপত্তাজনিত কারণে হাসনাত আবদুল্লাহ বাসা থেকে বের হয়ে দ্রুত চলে যান। বিষয়টি নিয়ে এনসিপির চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বলেন, ব্যক্তিগত কাজে চট্টগ্রামে এসেছিলেন হাসনাত আবদুল্লাহ। এ সময় সাবেক মেয়র মনজুর আলমের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

মঙ্গলবার রাত ৮টায় এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো হয় সংবাদ বিজ্ঞপ্তি। এতে বলা হয়, এম মনজুর আলমের সঙ্গে বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। বৈঠকে উভয় নেতাই আগামী দিনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎ দাবি এম মনজুর আলমের : হাসনাত আবদুল্লাহ সৌজন্য সাক্ষাৎ করেছেন বলে দাবি করেছেন সাবেক মেয়র এম মনজুর আলম। বুধবার দুপুরে তিনি সময়ের আলোকে বলেন, তিনি (হাসনাত আবদুল্লাহ) মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় আমার বাসায় আসেন। বিকাল ৫টার দিকে চলে গেছেন। আমার সঙ্গে জাস্ট সৌজন্য সাক্ষাৎ হয়েছে।  চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি।

আপনি কি এবার এনসিপির প্রার্থী হিসেবে চসিক মেয়র নির্বাচনে লড়বেন এ প্রশ্নে তিনি বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই। আমাকে এনসিপি থেকে মেয়র নির্বাচনে প্রার্থী করার তথ্যটি সত্য নয়। আমার সঙ্গে বৈঠকে মেয়র নির্বাচনে প্রার্থিতা নিয়ে আলোচনা হয়নি।

ক্ষুব্ধ বিএনপি ও চসিক মেয়র : বিএনপি বা দলের অঙ্গ সংগঠন হাসনাত আবদুল্লাহকে কোনো ধরনের হেনস্থার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন সিনিয়র নেতারা। তবে তারা দেখা করার বিষয়টিকে ভালোভাবে নেননি। চসিকের বর্তমান মেয়র বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন। 

তিনি বলেছেন, হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের বিরুদ্ধে লম্বা লম্বা কথা বলেন। তিনি জুলাই যোদ্ধা হিসেবে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। এখন ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করছেন। গত রমজানে এনসিপির ইফতার পার্টিতে সাবেক মেয়র মনজুর আলমের ইফতারের প্যাকেট পাঠিয়েছেন। ইফতারের প্যাকেট দেখেছি। তাদের নীতি-নৈতিকতা কোথায় গেছে।

নগর বিএনপির সিনিয়র নেতা নাজিমুর রহমান সময়ের আলোকে বলেন, হাসনাত আবদুল্লাহ এম মনজুর আলমের সঙ্গে দেখা করতে গেছেন। যে কেউ যে কারও সঙ্গে দেখা করতে পারে। কিন্তু দেখতে হবে দেখার করার মধ্যে কোনো ‘দুরভিসন্ধি’ আছে কি না।

সময়ের আলো/আআ


  বিষয়:   হাসনাত আব্দুল্লাহ  চট্টগ্রাম  রাজনীতি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: