চট্টগ্রামের চন্দনাইশে দুই যুগেও সংস্কারের ছোঁয়া লাগেনি উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারি এলাকার প্রধান সড়কের। সংস্কারহীন এই সড়কটি নিয়ে সময়ের আলোতে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর দুই ওয়ার্ডের প্রায় ১০ হাজার মানুষের দুর্ভোগের এই সড়কটি সংস্কারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর আবেদন করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর সড়কটির সংস্কারের জন্য লিখিত আবেদন প্রদান করেন আজিজুর রহমান নামের এক স্থানীয় যুবক। আবেদনে তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের প্রত্যয়ন ও এলাকাবাসীর গণস্বাক্ষর সংযুক্ত করেন।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, গত ২৪ বছর ধরে অবহেলায় পড়ে থাকা মধ্যম কানাইমাদারি আদর্শ পাড়া নতুন বাড়ির এই প্রধান সড়কটি বর্তমানে এলাকাবাসীর কাছে একপ্রকার মরণফাঁদে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমে হাঁটুসমান কাদা এবং শুষ্ক মৌসুমে ধুলোবালির কারণে ৩টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষের দৈনন্দিন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
আবেদনকারী আজিজুর রহমান বলেন, সড়কটি নিয়ে আমরা ছোটবেলা থেকে অনেক কষ্টে চলাচল করছি। কোনো জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কারের উদ্যোগ নেয়নি। গত এক সপ্তাহ আগে সময়ের আলোতে সংবাদ প্রকাশিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, স্থানীয় বা জনপ্রতিনিধিরা আবেদন করলে ব্যবস্থা নেওয়া হবে। সে অনুযায়ী আমরা গণস্বাক্ষরসহ আবেদন করেছি। তিন গ্রামের প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষের চলাচলের এই সড়কটি দ্রুত সংস্কার করা হবে বলে আমরা আশা করছি। অন্যথায় বর্ষায় খালে অনেক বাড়িঘর বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজিব হোসেন বলেন, তিনি সারাদিন বাইরে থাকায় আবেদনপত্রটি এখনো পাননি। আবেদন পাওয়ার পর সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।