হাওড়ে চোখের সামনে ডুবে গেল পাকা ধান

আবু হেনা, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ)

সারাদেশ

হাওড়ের বুকে এখন শুধু পানি আর পানি। কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে আজমিরীগঞ্জ উপজেলার বিস্তীর্ণ বোরো ক্ষেত তলিয়ে গেছে। যে জমিতে

2026-04-17T05:55:12+00:00
2026-04-17T05:55:12+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
হাওড়ে চোখের সামনে ডুবে গেল পাকা ধান
আবু হেনা, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৫:৫৫ এএম 
ফসলি জমিতে পানি প্রবেশ এড়াতে জলসুখা নোয়াগড় হিংগুয়ার বাঁধ রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা। ছবি : সময়ের আলো
হাওড়ের বুকে এখন শুধু পানি আর পানি। কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে আজমিরীগঞ্জ উপজেলার বিস্তীর্ণ বোরো ক্ষেত তলিয়ে গেছে। যে জমিতে সোনালি ধানের স্বপ্ন বুনেছিলেন কৃষক, সেই জমিই আজ পরিণত হয়েছে এক বিশাল জলরাশিতে।

আজমিরীগঞ্জ উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ১৪ হাজার ৬০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছিল। তবে হঠাৎ অতিবৃষ্টির কারণে এর একটি বড় অংশ এখন পানির নিচে চলে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত চৈত্র মাসের শুরু থেকেই বৃষ্টিপাত শুরু হয়। বর্তমানে প্রায় প্রতিদিনই ভারী বৃষ্টি হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে শিলাবৃষ্টি, যা ফসলের ক্ষতির মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে জলসুখা ইউনিয়নের নোয়াগড় হাওড়ে একটি বাঁধ রক্ষার জন্য কয়েক দিন ধরে পুরো এলাকার মানুষ স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছিলেন। দিন-রাত পরিশ্রম করে মাটি ফেলে বাঁধটি টিকিয়ে রাখার চেষ্টা করা হয়। কিন্তু বুধবার হঠাৎ করেই বাঁধটির একটি অংশ ভেঙে যায়। এরপর এলাকাবাসী দ্রুত বাঁশের আড়া ও বস্তায় মাটি ভরে তা রক্ষার চেষ্টা করলেও এরই মধ্যে হাওড়ে পানি প্রবেশ করে শত শত কিয়ার জমি তলিয়ে যায়। 

এ ছাড়া কাকাইলছেওয়ে ইউনিয়নের আনন্দপুর হাওড়েও পানি প্রবেশ শুরু হয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আগামী দুয়েক দিনের মধ্যেই পুরো হাওড় তলিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন হাজারো কৃষক। 

অন্যদিকে সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় বদলপুর ইউনিয়নের মাইঝ বন, দারগা বন ও দড়ারভাট বন হাওড়ে ব্যাপক শিলাবৃষ্টি হয়, যা স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এতে পাকা ধানের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ছাড়া বুধবার রাত সাড়ে ১০টার দিকে আবারও কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়ে বদলপুর ইউনিয়নের পিঠুয়াকান্দি হাওড় ও আশপাশের গ্রাম এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

সরেজমিন দেখা যায়, অনেক ক্ষেতের ধান সম্পূর্ণ পানির নিচে ডুবে আছে। কোথাও কোথাও শুধু ধানের শিষের আগা দেখা যাচ্ছে, আবার অনেক জায়গায় সেটুকুও নেই। পানির স্রোত ও জলাবদ্ধতায় দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে ফসল। 

এদিকে কিছু হাওড়ে কৃষকদের কোমর পানিতে নেমে আধাপাকা ধান কাটতে দেখা গেছে— শেষ সম্বলটুকু বাঁচানোর এক মরিয়া চেষ্টা। 


এক কৃষক বলেন, চোখের সামনে আমার সব শেষ হয়ে গেল। এই ধানই ছিল আমার বছরের একমাত্র ভরসা। অনেক কৃষক নিজেরাই জমির ধান কাটার চেষ্টা করলেও পানির কারণে তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কেউ কোমর পানিতে নেমে কাজ করছেন, আবার কেউ হতাশ হয়ে বসে আছেন।

এলাকার সচেতন মহল বলছে, হাওড়ের পানি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না থাকায় কৃষকদের বারবার ক্ষতির মুখে পড়তে হচ্ছে। হাওড়ের এই দৃশ্য যেন এক নিঃশব্দ আর্তনাদ, কৃষকের বছরের পরিশ্রম, আশা আর স্বপ্ন সবকিছুই পানির নিচে তলিয়ে যাচ্ছে।

এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, নোয়াগড় হাওড়ে প্রায় ৮০ হেক্টর এবং কাকাইলছেওয়ে ৪ হেক্টর জমি নিমজ্জিত ও আংশিক নিমজ্জিত হয়েছে। এ ছাড়া গত কয়েক দিনে উপজেলার কিছু হাওড়ে শিলাবৃষ্টিতে পাকা ধানের প্রায় ৫ শতাংশ ক্ষতি হয়েছে।

এফআর
  বিষয়:   হবিগঞ্জ  হাওড়ে  ডুবে  পাকা ধান 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: