আর্সেনালের সাবেক গোলরক্ষক ও অস্ট্রিয়ান ফুটবল তারকা অ্যালেক্স ম্যানিঙ্গার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৮ বছর। অস্ট্রিয়ার সালজবার্গের কাছে একটি লেভেল ক্রসিংয়ে তার গাড়িকে একটি ট্রেন ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি তার গাড়িটিকে ধাক্কা দিয়ে বেশ কিছুটা দূরে টেনে নিয়ে যায়। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে গাড়ি থেকে বের করেন। কৃত্রিম শ্বাস-প্রশ্বাস বা ডিফিব্রিলেটরের মাধ্যমে তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি। দুর্ঘটনার সময় তিনি গাড়িতে একাই ছিলেন। তবে ট্রেনের চালক সুরক্ষিত আছেন।
ম্যানিঙ্গারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে অস্ট্রিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থাটির স্পোর্টিং ডিরেক্টর পিটার শটেল বলেন, ম্যানিঙ্গার ছিলেন অস্ট্রিয়ান ফুটবলের একজন অসাধারণ খেলোয়ার। তার পেশাদারিত্ব ও দক্ষতা তাকে সবার কাছে প্রিয় করে তুলেছিল। ফুটবলে তার অবদান আমরা সবসময় শ্রদ্ধার সাথে মনে রাখব।
ফুটবল প্রেমীদের কাছে ম্যানিঙ্গার এক পরিচিত নাম। ১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত আর্সেনালের হয়ে খেলেন তিনি। কিংবদন্তি গোলরক্ষক ডেভিড সিম্যান যখন ইনজুরিতে ছিলেন, তখন ম্যানিঙ্গারই আর্সেনালের গোলপোস্ট আগলে রেখেছিলেন। ১৯৯৭-৯৮ মৌসুমে গানার্সদের প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জেতাতে তার বড় ভূমিকা ছিল। বিশেষ করে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তার পারফরম্যান্স আজও সমর্থকদের মনে গেঁথে আছে। ১৯৯৮ সালের মার্চ মাসে তিনি প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন।
জাতীয় দলের হয়ে ৩৩টি ম্যাচ খেলা এই গোলরক্ষক জুভেন্টাস, লিভারপুল ও উদিনেসের মতো নামী ক্লাবেও খেলেছেন।