রাজশাহীর পুঠিয়া পৌরসভাধীন কাউন্সিল বাজারে নেশার জন্য টাকা না দেওয়াকে কেন্দ্র করে মামুনুর রশীদ জুয়েল (৪৮) নামে এক মুদি দোকানদারকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কৃষ্ণপুর গ্রামের মৃত আনছারের ছেলে জুয়েল প্রতিদিনের মতো সকালে দোকান খুলে ভেতরে বসে ছিলেন। এ সময় কাঁঠালবাড়িয়া গ্রামের মো. মাইনুল (২৩) দোকানে প্রবেশ করে। নেশা করার জন্য চাঁদার টাকা না পেয়ে মাইনুল জুয়েলের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে মাইনুলের কাছে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে সজোরে আঘাত করে। জুয়েল রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই স্থানীয় জনতা মাইনুলকে ধাওয়া করে আটক করে। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং জনরোষ থেকে আসামিকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয়।
এ বিষয়ে পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, স্থানীয় জনগণ মাইনুলকে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছিল, আমরা তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। মরদেহ ময়না দন্তের জন্য পাঠানো হয়েছে।
সময়ের আলো/জোই