‘বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

শিক্ষা

বিশ্বায়নের উত্তাল স্রোতে টিকে থাকতে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড.

2026-04-17T18:46:47+00:00
2026-04-17T20:22:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
শিক্ষামন্ত্রী
‘বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৬:৪৬ পিএম  আপডেট: ১৭.০৪.২০২৬ ৮:২২ পিএম
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সময়ের আলো
বিশ্বায়নের উত্তাল স্রোতে টিকে থাকতে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে বিনির্মাণ করতেই সরকার কাজ করছে, যেখানে শিক্ষক ও শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর।

শুক্রবার (১৭ এপ্রিল) দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষাখাতে প্রয়োজন হলে বাজেট বাড়ানো হবে। তবে শুধু অবকাঠামো নয়, শিক্ষার মানও সমানভাবে উন্নত করতে হবে, যাতে বৈশ্বিক প্রতিযোগিতায় আমরা টিকে থাকতে পারি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোতে কীভাবে পাঠদান হয়, তা তোমরা নিজেরাই দেখে বুঝবে। সেই মানের শিক্ষা তোমাদের দাবি করতে হবে। এখন আর একমুখী জ্ঞানের যুগ নেই, জানার দরজা খুলে গেছে চারদিকে।

জনসংখ্যাকে সম্পদে রূপান্তরের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আমাদের শিক্ষার্থী সংকট নেই, বরং সম্ভাবনার প্রাচুর্য আছে। এই শক্তিকে কাজে লাগাতে পারলে বিশ্বায়নের পথে এগিয়ে যাওয়া সম্ভব, নচেৎ ভবিষ্যৎ অন্ধকার।

ড. মিলন আরও বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলো জনগণের করের টাকায় পরিচালিত হয়। তাই শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা উপলব্ধি করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। শিক্ষক নিয়োগে রাজনৈতিক প্রভাব পড়লে পুরো শিক্ষা ব্যবস্থাই ভেঙে পড়তে পারে বলে সতর্ক করেন মন্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন, ফেসবুকের বট বাহিনী পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে। আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড তৈরি করা হচ্ছে, এমনকি পরীক্ষার রুটিন নিয়ে হাস্যকর তথ্যও ছড়ানো হচ্ছে। 

বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়ে একটি বিশেষ সেল গঠনের কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, ইউজিসির পাশাপাশি মন্ত্রণালয়ের নিজস্ব পর্যবেক্ষণও থাকবে, যাতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের কাজ সরাসরি তদারকি করা যায়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ এনামউল্লাহর সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ পিনাক চৌধুরী, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এবং জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল।



  বিষয়:   বিশ্বায়ন  মানসম্মত  শিক্ষা  এহছানুল  মিলন 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: