প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৭:৫৮ পিএম আপডেট: ১৭.০৪.২০২৬ ১০:৫১ পিএম
হরমুজ প্রণালি। ছবি : সংগৃহীত লেবাননের যুদ্ধবিরতির সময়ে হরমুজ প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ অতিক্রম করতে পারবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এ কথা বলেন।
আব্বাস আরাগচি বলেন, লেবাননের যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত। লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির সময়ে এই প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ অতিক্রম করতে পারবে।
ইসরায়েলের সঙ্গে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা ইরানের অন্যতম দাবি ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন। বাংলাদেশ সময় আজ শুক্রবার ভোর তিনটা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
এর আগে ৮ এপ্রিল ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিরতি হয়। লেবাননও ওই যুদ্ধবিরতির আওতায় ছিল বলে বারবার বলে আসছিল ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও সেটাই বলছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তা অস্বীকার করছিল। ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছিল। ইরান দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হলে গতকাল লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা আসে। এরপর আজ ইরান বলল, লেবাননে যুদ্ধবিরতির ১০ দিন হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে।
সূত্র: আল-জাজিরা।