হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইব্রাহিম মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার খাগাউড়া ইউনিয়নের খালপাড় এলাকায় এঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় ব্র্যাক স্কুল মাঠে ফুটবল খেলা নিয়ে একই গ্রামের আব্দুল মোত্তালিবের ছেলে শান্তর সাথে নীলধন মিয়ার ছেলে ইব্রাহিম মিয়ার কথা কাটাকাটি হয়। বিষয়টি তাৎক্ষণিক সমাধান করে দেওয়া হলেও পরবর্তীতে খেলা শেষে বাড়ী ফেরার পথে ইব্রাহিমের সাথে শান্ত ও তার ভাই সৌরভ আবারও তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে।
একপর্যায়ে শান্ত ও সৌরভ দেশীয় অস্ত্র দিয়ে ইব্রাহিমকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা ইব্রাহিমকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরীফ আহমেদ জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।