মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা প্রশমিত হওয়ায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হলেও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এখনো পুরোপুরি স্থিতিশীলতায় ফিরতে পারেনি। সর্বশেষ দুই দিনে আবারও বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের ভোগান্তি পুরোপুরি কাটেনি।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ১৬ ও ১৭ এপ্রিল- এই দুই দিনে মোট নয়টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস, এয়ার আরাবিয়া এবং সালামএয়ারের একাধিক ফ্লাইট রয়েছে।
তবে পুরো চিত্রটি নেতিবাচক নয়। একই সময়ে মধ্যপ্রাচ্য থেকে আগত ১২টি এবং সেদিকে গমনকারী ১১টি ফ্লাইট পরিচালিত হয়েছে, যা আগের তুলনায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে। তবে এখনো চট্টগ্রাম-দোহা রুট পুরোপুরি চালু হয়নি, যা যাত্রীদের জন্য বড় একটি সীমাবদ্ধতা হিসেবে রয়ে গেছে।
পরিসংখ্যান বলছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাবে এখন পর্যন্ত মোট ৩২২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। সাম্প্রতিক দুই দিনেই বাতিল হয়েছে নয়টি ফ্লাইট, যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ারই ইঙ্গিত দেয়।
সংশ্লিষ্টরা বলছেন, আঞ্চলিক পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে এমন অনিয়মিতা কিছুটা সময় ধরে থাকতে পারে। তবে ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফেরার প্রত্যাশা রয়েছে।
এএডি/