প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, ক্ষমতায় আসার দুই মাসের মধ্যে সরকার মোটাদাগে ৬০ পদক্ষেপ গ্রহণ করেছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয় তেজগাঁওয়ের একটি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে সরকার শুরুতেই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে৷ ধারাবাহিকভাবে সব নারী প্রধান পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে। নববর্ষের দিনে কৃষক কার্ড চালু করা হয়েছে। পর্যায়ক্রমে তা দেশব্যাপী চালু করা হবে৷ অন্তবর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে নিষ্পত্তি করা হয়েছে। সারাদেশে খাল ও নদী খনন কর্মসূচির কার্যক্রম চালু হয়েছে। যুদ্ধের কারণে বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বাড়লেও তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দাম বাড়ায়নি।
তিনি বলেন, রমজান মাস থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে; এখনও নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা চলছে। একইসঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। ঈদের আগেই ইমাম মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মগুরুদের জন্য সম্মানী ভাতা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও আতিকুর রহমান রুমন। সংবাদ সম্মেলন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস উইংয়ের ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুর রহমান।
সময়ের আলো/জেডআই